তমন্না খুনে বড় দাবি শুভেন্দুর, FIR-এ নাম থাকা প্রায় সকল অভিযুক্ত গ্রেপ্তার, প্রকাশিত ১২ জনের তালিকা

কালীগঞ্জের তমন্না খুন মামলায় তদন্তে বড় অগ্রগতির দাবি মুখ্যমন্ত্রীর। FIR-এ নাম থাকা প্রায় সব অভিযুক্ত গ্রেপ্তার বলে জানিয়ে প্রকাশ করা হয়েছে ১২ জনের তালিকা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তমন্না খুন (Tamanna Murder Case) মামলার তদন্তে বড় অগ্রগতির দাবি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। শনিবার তিনি জানান, এফআইআরে (FIR) নাম থাকা প্রায় সব অভিযুক্তকেই গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে তদন্তের গতি ও পুলিশের ভূমিকার প্রশংসা করে ১২ জন গ্রেপ্তার অভিযুক্তের তালিকাও প্রকাশ করেছেন তিনি।

শনিবার নিজের এক্স (X) হ্যান্ডলে করা পোস্টে মুখ্যমন্ত্রী বলেন, তমন্না খুন মামলায় ন্যায়বিচার নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য। তাঁর দাবি, কৃষ্ণনগর পুলিশ জেলা (Krishnanagar Police District) দ্রুত পদক্ষেপ নিয়ে তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তমন্নার মা সাবিনা ইয়াসমিনের সঙ্গে বৈঠকের পরই তদন্তে আরও গতি এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, এফআইআরে নাম থাকা প্রায় সব অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও শুরু হয়েছে। তদন্তের স্বার্থে ভিন রাজ্যেও পুলিশ অভিযান চালিয়েছে। গুরুগ্রাম (Gurugram)নাগপুর (Nagpur)-সহ বিভিন্ন জায়গায় নিয়মিত যোগাযোগ রেখে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন।

একই পোস্টে শুভেন্দু বলেন, অপরাধের ক্ষেত্রে কোনও ধরনের আপস করা হবে না। যে কোনও অপরাধের নিরপেক্ষ তদন্ত হবে এবং আইনের ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে। তাঁর কথায়, বর্তমান সরকার আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার বিষয়ে অঙ্গীকারবদ্ধ।

মুখ্যমন্ত্রী এদিন ১২ জন গ্রেপ্তার অভিযুক্তের নামের তালিকাও প্রকাশ করেন। তাঁর বক্তব্য, পশ্চিমবঙ্গে আইনের শাসন প্রতিষ্ঠা করাই সরকারের লক্ষ্য এবং সেই উদ্দেশ্যেই তদন্তে কোনও রকম শৈথিল্য দেখানো হচ্ছে না।

উল্লেখ্য, গত ২৩ জুন ২০২৫ নদিয়ার কালীগঞ্জ (Kaliganj) বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে মৃত্যু হয় মাত্র ছয় বছরের তমন্নার। অভিযোগ ওঠে, বিজয় মিছিল চলাকালীন ছোড়া বোমার আঘাতেই ওই শিশুর মৃত্যু হয়েছিল। ঘটনাটি ঘিরে রাজ্যজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়।

প্রথম দফায় পুলিশ ১১ জনকে গ্রেপ্তার করলেও, এফআইআরে নাম থাকা বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বারবার পুলিশের দ্বারস্থ হন তমন্নার মা সাবিনা ইয়াসমিন (Sabina Yasmin)। পরে তিনি নবান্নে (Nabanna) গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করে দ্রুত পদক্ষেপের আবেদন জানান।

সাবিনা ইয়াসমিন, যিনি ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কালীগঞ্জ কেন্দ্র থেকে সিপিএম (CPI(M))-এর প্রার্থী ছিলেন, বৈঠকের পরও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেন। মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক দাবি অনুযায়ী, তদন্তে এখন উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে মামলার বিচারপ্রক্রিয়া এবং আদালতের পরবর্তী পদক্ষেপের দিকেই এখন নজর থাকবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন