কাঁথি পুরসভার প্রশাসক পদ থেকে তাঁর অপসারণের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করলেন সৌম্যেন্দু অধিকারী। আগামী ৪ জানুয়ারি ওই মামলার শুনানি হতে পারে। বুধবারেই ওই মামলা দায়ের করা হয়েছে বলে খবর। মূলত সিদ্ধান্ত প্রয়োগের পদ্ধতিগত বিষয়টি নিয়েই মামলাটি করা হয়েছে।
'অবিচার হয়েছে সৌমেন্দুর প্রতি', আগেই ভাই সৌমেন্দুকে প্রশাসক পদ থেকে অপসারণ করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন, দাদা দিব্যেন্দু অধিকারী। এবার এবিষয়ে এদিন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দেন তিনি।
‘দাদার অনুগামী’ পোস্টার ফেলে জল্পনাকে জিইয়ে রেখে অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন নন্দীগ্রামের ডাকাবুকো নেতা শুভেন্দু অধিকারী। তারপরই তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলেছেন তিনি। কিন্তু পরিবারের কেউই এখনও তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দেওয়ার পক্ষে কথা বলেননি।