সাহাপুর কলোনির ফ্ল্যাটে তল্লাশি চালাতে গিয়ে নতুন রহস্যের সন্ধান পেল পুলিশ। গ্রেপ্তার স্বরূপ বিশ্বাসকে সঙ্গে নিয়ে তল্লাশির সময় একটি তালাবন্ধ ‘গুপ্ত ঘর’-এর খোঁজ মেলে। ডিজিটাল লক ভেঙে সেই ঘরে প্রবেশ করে তদন্তকারীরা। এরপর থেকেই জল্পনা ছড়িয়েছে, সেখানে কী লুকিয়ে রাখা হয়েছিল?
সোমবার সকাল থেকেই দক্ষিণ কলকাতার সাহাপুর কলোনিতে বিশ্বাস পরিবারের ফ্ল্যাটে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ। শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাসকেও সেখানে নিয়ে আসা হয় তদন্তের স্বার্থে।
তল্লাশি চলাকালীন ফ্ল্যাটের চতুর্থ তলায় একটি অস্বাভাবিক দরজার সন্ধান পান তদন্তকারীরা। সূত্রের খবর, দরজাটি বাইরে থেকে সাধারণ ঘরের মতো দেখালেও ভিতরে ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। ডিজিটাল লক লাগানো থাকায় প্রথমে ঘরটি খোলা সম্ভব হয়নি।
পরিস্থিতি বুঝে দুই চাবিওয়ালাকে ডেকে আনে পুলিশ। দীর্ঘ চেষ্টার পর ডিজিটাল লক খুলে ঘরের ভিতরে প্রবেশ করেন তদন্তকারীরা। তবে সেই ঘর থেকে কী উদ্ধার হয়েছে বা সেখানে কী ছিল, সে বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
তদন্তকারী সংস্থার একাংশ মনে করছে, ঘরটি বিশেষ উদ্দেশ্যে তৈরি করা হয়ে থাকতে পারে। সেখানে গুরুত্বপূর্ণ নথি, মূল্যবান সামগ্রী অথবা অন্য কোনও তথ্য লুকিয়ে রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসকে সম্প্রতি শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। টলিউডে দীর্ঘদিন প্রভাবশালী অবস্থানে থাকা স্বরূপের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে আসার পর তদন্ত শুরু হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তল্লাশি অভিযানের পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলা হয়েছে। সম্পত্তি, আর্থিক লেনদেন এবং বিভিন্ন নথি সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজও চলছে।
রাজনৈতিক ও বিনোদন মহলে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই মামলা। তার মধ্যেই ‘গুপ্ত ঘর’-এর সন্ধান তদন্তে নতুন মাত্রা যোগ করেছে।
এখন নজর একটাই— সেই ঘর থেকে কী উদ্ধার হয়েছে এবং তদন্তের পরবর্তী ধাপে নতুন কোনও তথ্য সামনে আসে কি না। কারণ সাহাপুরের এই রহস্যময় ঘর ঘিরে কৌতূহল ক্রমশ বাড়ছেই।



