নজরবন্দি ব্যুরো: বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসম্মানজনক আচরণ করায় শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড করা হল বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীকে। পাল্টা স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করতে পারে বিজেপি। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আজই সচিবের কাছে অনাস্থা প্রস্তাব জমা দেওয়া হবে।
আরও পড়ুন: NIA-এর নজরে অনুব্রত, জিলেটিন স্টিক উদ্ধার মামলায় তিহাড়ে গিয়ে জেরার প্ল্যান
মঙ্গলবার বিধানসভার শীতকালীন অধিবেশনের শুরু থেকেই তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে হইচই শুরু হয়। দুর্নীতি নিয়ে আলোচনা চেয়ে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। সেই প্রস্তাবটি পাঠ করার অনুমতি দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও প্রস্তাব পাঠ করেন। কিন্তু প্রস্তাবের সম্পাদিত ভাগটি কেবল পাঠ করার অনুমতি দিয়েছিলেন স্পিকার। বিজেপি বিধায়ক আসল প্রস্তাবটি পাঠ করতে থাকেন। স্পিকার বিষয়টি উল্লেখ করে প্রস্তাব পাঠ করতে দেননি। এতে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখাতে থাকেন। বিধানসভায় চলতে থাকে জোর স্লোগান। এর পর প্রতিবাদে অধিবেশন থেকে ওয়াক আউট করেন বিজেপি বিধায়করা।

এরপর অধিবেশনের দ্বিতীয়ার্ধে সংবিধান দিবস নিয়ে আলোচনা শুরু হয়। সেখানে বিজেপি বিধায়ক শংকর ঘোষ তৃণমূলের দুর্নীতি ও দলবদল নিয়ে বক্তৃতা শুরু করলে স্পিকার তাতে বাধা দেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শুভেন্দু অধিকারী। ফের একবার বিজেপি বিধায়করা সদন থেকে বেরিয়ে যান।

স্পিকারের প্রতি অসম্মান, শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড Suvendu Adhikari

অসংসদীয় আচরণের অভিযোগ করে বিরোধী দলনেতাকে সাসপেন্ড করার জন্য প্রস্তাব পেশ করেন তৃণমূল বিধায়ক তাপস রায়। শাসকদলের অন্যান্য বিধায়কও তাতে সমর্থন জানান। সেই প্রস্তাবে সম্মত হন স্পিকারও। ফলে, ৩০ দিনের জন্য শীতকালীন অধিবেশন থেকে সাসপেন্ড হতে হল শুভেন্দু অধিকারীকে।



