প্রথম ক্যাবিনেটেই বড় সিদ্ধান্ত, বিএসএফকে জমি, আজ থেকেই আয়ুষ্মান ভারত চালুর ঘোষণা শুভেন্দুর

প্রথম ক্যাবিনেট বৈঠকেই ছ’টি বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের। আয়ুষ্মান ভারত চালু থেকে বিএসএফকে জমি, একাধিক ঘোষণায় রাজনৈতিক চাঞ্চল্য।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ক্ষমতায় এসেই একের পর এক বড় সিদ্ধান্ত নিল নতুন বিজেপি সরকার। নবান্নে প্রথম ক্যাবিনেট বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন বিএসএফকে ৪৫ দিনের মধ্যে সীমান্তের জমি হস্তান্তর থেকে শুরু করে আজ থেকেই আয়ুষ্মান ভারত চালুর মতো একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি সরকারি চাকরির বয়সসীমা বৃদ্ধি, কেন্দ্রীয় প্রকল্প কার্যকর করা এবং নিহত বিজেপি কর্মীদের পরিবারের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্তও জানানো হয়েছে। প্রথম বৈঠকেই প্রশাসনিক ও রাজনৈতিকভাবে স্পষ্ট বার্তা দিল নতুন সরকার।

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় নতুন সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন নবনির্বাচিত পাঁচ মন্ত্রী এবং শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “ডবল ইঞ্জিন সরকার দলমত নির্বিশেষে সকলের জন্য কাজ করবে। দীর্ঘদিন পরে মানুষ ভয়মুক্ত ও অবাধ নির্বাচন দেখেছে।”

প্রথম ক্যাবিনেট বৈঠক থেকেই ছ’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করে রাজ্য সরকার। তার মধ্যে অন্যতম, রাজনৈতিক সংঘর্ষে নিহত ৩২১ জন বিজেপি কর্মীর পরিবারের দায়িত্ব নেওয়া। মুখ্যমন্ত্রীর দাবি, তাঁদের আত্মবলিদানের মধ্য দিয়েই এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে।

সীমান্ত নিরাপত্তা নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুভেন্দু অধিকারী জানান, আগামী ৪৫ দিনের মধ্যে বিএসএফকে কাঁটাতারের কাজের জন্য প্রয়োজনীয় জমি হস্তান্তর করা হবে। তাঁর মতে, রাজ্যের জনবিন্যাসে পরিবর্তন ঘটেছে, তাই সীমান্ত সুরক্ষা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একইসঙ্গে রাজ্যে চালু করা হচ্ছে কেন্দ্রীয় একাধিক প্রকল্প। ‘আয়ুষ্মান ভারত’, ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ এবং ‘বিশ্বকর্মা যোজনা’র মতো প্রকল্পে এবার সরাসরি যুক্ত হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। এর ফলে সাধারণ মানুষ সরাসরি কেন্দ্রীয় সুবিধা পাবেন বলে দাবি সরকারের।

প্রশাসনিক ক্ষেত্রেও বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। এতদিন রাজ্যের আইএএস ও আইপিএস আধিকারিকরা কেন্দ্রীয় প্রশিক্ষণে অংশ নিতে পারতেন না বলে অভিযোগ ছিল। নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে তাঁরা চাইলে সেই সুযোগ পাবেন।

আইন ব্যবস্থা নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এতদিন অসাংবিধানিকভাবে আইপিসি চালু ছিল রাজ্যে। সোমবার থেকেই পশ্চিমবঙ্গে কার্যকর করা হল ভারতীয় ন্যায় সংহিতা।

এছাড়াও সরকারি চাকরির আবেদনকারীদের জন্য বড় স্বস্তির ঘোষণা করা হয়েছে। চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

পূর্বতন সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “আগের সরকার অনেক ক্ষতি করে গিয়েছে।” তবে বর্তমানে চালু থাকা সামাজিক প্রকল্পগুলির কোনওটিই বন্ধ করা হবে না বলেও আশ্বাস দিয়েছেন তিনি। আগামী সপ্তাহ থেকে দিলীপ ঘোষ ও অগ্নিমিত্রা পল সাংবাদিক বৈঠক করবেন বলেও জানান মুখ্যমন্ত্রী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত