দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে জটিলতা চলছে। অবশেষে বাংলায় স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গড়ে দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বে এই সার্চ কমিটি গঠন করা হল। উপাচার্য নিয়োগের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিন জনের নাম পাঠাবে এই সার্চ কমিটি। তিন জনের মধ্যে একজনের নাম চূড়ান্ত করে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসকে পাঠাবেন তিনি।
এরপর সেই সংশ্লিষ্ট ব্যক্তিকে উপাচার্য পদে নিয়োগ করবেন রাজ্যপাল। স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য রাজ্যকে বিজ্ঞাপন দেবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই বিজ্ঞাপনে শীর্ষ আদালতের আদেশকে উল্লেখ রাখতে হবে। একই সঙ্গে, আগামী ৩ মাসের মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এই কমিটিকে সার্চ তথা সিলেক্টিং কমিটি হিসাবে অভিহিত করেছে সুপ্রিম কোর্ট। কমিটির চেয়ারপার্সন হিসাবে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি ইউ ইউ ললিত।

জানা গিয়েছে, এই কমিটিতে বিভিন্ন বিষয়ের অধ্যাপকদের রাখা হয়েছে। যেমন, ইংরেজি, সমাজবিজ্ঞান, ইতিহাস, কম্পিউটার সায়েন্স ইত্যাদি। চাইলে আগে যে সব নাম রাজ্যের তরফে প্রস্তাবিত করা হয়েছিল, তাঁদেরকেও চাইলে কোনও বিশ্ববিদ্যালয় এই কমিটিতে যুক্ত করতে পারে। অর্থাৎ, আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা কমিটি গঠন করা যেতে পারে। কমিটিতে প্রয়োজনে আরও চার বিশেষজ্ঞকেও রাখতে পারেন চেয়ারম্যান।
রাজ্যে স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গড়ে দিল সুপ্রিম কোর্ট, নাম চূড়ান্ত করবেন মুখ্যমন্ত্রী

সার্চ কমিটির প্রস্তাবিত ৩ নামের মধ্যে একজনকে মুখ্যমন্ত্রী চূড়ান্ত করলেও সেই ব্যক্তিকে যদি রাজ্যপালের অনুপোযুক্ত মনে হয় তাহলে, তিনি পাল্টা সুপ্রিম কোর্টে যেতে পারেন। আগামী দু’সপ্তাহের মধ্যে এই প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই প্রক্রিয়ায় যা খরচ হবে সব বহন করতে হবে রাজ্য সরকারকে। সুপ্রিম কোর্টের এই নির্দেশের পরেই রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্স হ্যান্ডেলে লিখেছেন, রাজ্য সরকারের প্রস্তাবকেই স্বীকৃতি দিয়েছে সুপ্রিম কোর্ট, আবার গণতন্ত্রের জয় হল।



