আর জি কর কাণ্ডের বিচার চেয়ে যেখানে হাহাকার করছে মানুষ। এই পরিস্থিতিতে ফের এক ৯ বছরের ছাত্রীর ধর্ষণ খুনের ঘটনা ঘটলো দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানায় এলাকায়। যাকে কেন্দ্র করে কার্যত ক্ষোভে ফেটে পড়েছে এলাকার বাসিন্দারা। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ভাঙচুর চালানো হয় স্থানীয় পুলিশ ফাঁড়িতে। আর এই ঘটনায় মুখ্যমন্ত্রী কে নিশানা করে তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
এদিন বিজেপি রাজ্য সভাপতি নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে মুখ্যমন্ত্রীকে নিশানা করে লেখেন,”স্তম্ভিত! শিহরিত! কুলতলী থানা এলাকার কৃপাখালী এলাকায় টিউশন পড়ে ফেরার পথে বলপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হলো চতুর্থ শ্রেণীর একজন নাবালিকা ছাত্রীকে। পরে নদীর চর থেকে গ্রামবাসীরা উদ্ধার করলেন ছোট্ট মেয়েটির নিথর দেহ। মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ বাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার প্রশ্ন, দেবীপক্ষের সূচনাতেও নিস্তার নেই বাংলার মেয়েদের! আপনার অপশাসনে আর কতগুলি বাংলার মেয়ের এই পরিণতি হবে!! ছিঃ।”


নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় ক্ষোভে ফুঁসছে জয়নগর। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে এলাকায় ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছে উত্তেজিত জনতা। স্থানীয় থানা ঘিরে ফেলেছেন স্থানীয় বাসিন্দারা। থানায় ভাঙচুরও করা হয়েছে। জয়নগরের মহিষমারিতে পুলিশ ক্যাম্পে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। চরম উত্তেজনা রয়েছে এলাকায়। পরিস্থিতি সামাল দিতে র্যাফ নামানো হয়েছে পুলিশের তরফে। জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেছে পুলিশ। ছোড়া হয়েছে কাঁদানে গ্যাস।







