নজরবন্দি ব্যুরো: রাজনৈতিক মহলে জল্পনা ছিল, গেরুয়া শিবিরে রাজ্য সভাপতি পদে বদল আসতে পারে। কিন্তু আগামী বছর লোকসভা নির্বাচন পর্যন্ত সুকান্ত মজুমদারই বিজেপির রাজ্য সভাপতি পদে বহাল থাকছেন, নিজেই সেকথা স্পষ্ট করলেন বালুরঘাটের সাংসদ।


সুকান্তর কথায়, ‘‘মিডিয়ায় খবর চলছিল, আমি জিজ্ঞেস করেছিলাম কেন্দ্রীয় নেতৃত্বকে। নেতৃত্ব বলেছে এখন এবং ২০২৪-এর লোকসভা ভোট পর্যন্ত কোনও পরিবর্তন হবে না। ব্যক্তি সুকান্ত কেউ নয়, বঙ্গ বিজেপি একসঙ্গে লড়বে একটা টিম হিসেবে। সুকান্ত রাজ্য সভাপতি থাকলেও টিম হিসেবে লড়বে বঙ্গ বিজেপি।’’

গত মাসেই বিজেপির সর্বভারতীয় স্তরে বেশ কিছু রদবদল করা হয়। সর্বভারতীয় সহ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় দিলীপ ঘোষকে। এরপরই আবার গুঞ্জন শুরু হয়, রাজ্যেও রদবদল আনতে চলেছে গেরুয়া শিবির। রাজ্য সভাপতি হিসেবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম বাতাসে ভাসছিল। সেক্ষেত্রে বিরোধী দলনেতা হিসেবে শংকর ঘোষের নাম জোরালো হয়ে উঠছিল। কিন্তু বর্তমানে সুকান্ত মজুমদারের দাবি, রাজ্য সভাপতি থাকছেন তিনিই, অন্তত লোকসভা নির্বাচন পর্যন্ত তো বটেই।


সূত্রের খবর, শুভেন্দু অধিকারীকে রাজ্য সভাপতি করার ব্যাপারে আরএসএসের প্রবল আপত্তি রয়েছে। ফলে কেন্দ্রীয় নেতৃত্বের একাংশ শুভেন্দুকে করতে চাইলেও আরএসএসের বাধাতেই তা আটকে গিয়েছে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের নীল নকশা তৈরি করে ফেলেছে বিজেপি। জেলাকে আরও ছোট জেলায় ভেঙে সংগঠন মজবুত করা হচ্ছে। রাজ্য সভাপতি পদে বদল না এলেও জেলা সভাপতি এবং সহ সভাপতি পদে বদল আসবে অনেক জায়গাতেই।







