নজরবন্দি ব্যুরো: বঙ্গ বিজেপিতে একদিকে রদবদলের প্রক্রিয়া চলছে। বিভিন্ন নেতাদের দায়িত্ব বদল হতে পারে। এই সময় সংসদের বাদল অধিবেশনে যোগ দিতে বাংলার সাংসদরা দিল্লি গিয়েছে। এই সুযোগেই নিজের এলাকার উন্নয়নের কথা মাথায় রেখে রেলমন্ত্রী ও ক্রীড়া মন্ত্রীর সঙ্গে দেখা করলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। একাধিক দাবি জানিয়েছেন তিনি। যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি স্টেডিয়াম নির্মাণের আর্জি জানিয়েছেন বিজেপি সাংসদ।
আরও পড়ুন: নিয়োগের দাবিতে বিধায়ক হস্টেলের সামনে বিক্ষোভ SLST চাকরিপ্রার্থীদের


এদিন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। জানা গিয়েছে, উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার রেল যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য কিছু দাবি রেলমন্ত্রীর সামনে রেখেছেন। পাশাপাশি তাঁর জেলার মানুষদের চিকিৎসার সুবিধার জন্য বালুরঘাট থেকে কাটপাটি (ভেলোর) পর্যন্ত একটি নতুন ট্রেন চালু করার আর্জি জানিয়েছেন। এছাড়াও বালুরঘাট রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্পে এনে স্টেশনের আপগ্রেডেশন,মালদার গাজোল-গুঞ্জরিয়া ভায়া ইটাহার রেল সম্প্রসারণ প্রকল্প দ্রুত অনুমোদন করার দাবি রেলমন্ত্রীকে জানিয়েছেন। বালুরঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত সরাসরি যাতায়াতের জন্য রেল পরিষেবা চালু করার কথাও বলেছেন তিনি।

রেল পরিষেবার পাশাপাশি জেলায় খেলাধুলা নিয়েও সচেতন সুকান্ত মজুমদার। ইতিমধ্যেই কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুরের সঙ্গেও দেখা করেছেন তিনি। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর বুনিয়াদপুরে একটি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব দিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতির কথায়, একটি জমি খালি আছে, সেখানেই স্টেডিয়াম তৈরি হবে। রেল এই বিষয় ভাবনা চিন্তা করছে।



উল্লেখ্য, কয়েকদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সপরিবারে দেখা করেন সুকান্ত মজুমদার। বাংলার বিভিন্ন ইস্যুতে দুজনের কথা হয়েছিল। সুকান্তবাবু জানিয়েছিলেন, সৌজন্য সাক্ষাৎ হয়েছে, কিছু রাজনৈতিক কথাবার্তা হয়েছে। পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনে বঙ্গ বিজেপির ফলাফল নিয়ে প্রশংসা করেছিলেন প্রধানমন্ত্রী।
নিজের এলাকার উন্নয়নের চিন্তা সুকান্তর, একাধিক দাবি নিয়ে রেল ও ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ








