সন্দেশখালিতে ইডির ওপর তৃণমূল নেতা শাহজাহান শেখের (Shahjahan Sheikh) অনুগামীদের হামলাকে কেন্দ্র করে উত্তাল রাজনৈতিক মহল। এই ঘটনার তদন্তভার এনএইএ-এর হাতে দেবার জন্য ইতিমধ্যেই অমিত শাহকে চিঠি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। রবিবার রাজভবনে গিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করলেন তিনি। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে দ্রুত রাজ্যপালের হস্তক্ষেপ চাইলেন বালুরঘাটের সাংসদ।
আরও পড়ুন: ১৬ বছর পর লাল পতাকায় মুড়েছে শহর, আজ আবেগের ‘ব্রিগেড’


রাজ্যপালকে চিঠিতে সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) লিখেছেন, “সম্প্রতি সন্দেশখালিতে তদন্তে গিয়ে তৃণমূলের গুণ্ডাবাহিনীর হাতে আক্রান্ত হয়েছে ইডি। শাহজাহান শেখের প্রায় ১০০-২০০ জন অনুগামী কেন্দ্রীয় অফিসারদের ওপর হামলা করেছে। বাংলার আইনশৃঙ্খলা তলানিতে। মানুষ আতঙ্কিত। সাধারণ মানুষের সুরক্ষা নেই। আমি এই ক্রমবর্ধমান উদ্বেগ মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আপনাকে অনুরোধ করছি।”

রবিবার রাজভবনে বোসের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সেখানে তিনি বলেন, “রাজ্যের মানুষ দেখতে পারছে যে এখানের আইনশৃঙ্খলার কী অবস্থা! সন্দেশখালি থেকে শুরু করে বনগাঁয় ইডির ওপর হামলা করা হচ্ছে। সেই কারণেই রাজ্যপালের সঙ্গে দেখা করে তাঁর হস্তক্ষেপ দাবি করলাম।”



বাংলার আইনশৃঙ্খলা তলানিতে, রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ সুকান্তর, বোসের হস্তক্ষেপ চেয়ে দিলেন চিঠি
রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর ডানকুনিতে বিজেপির ডাকা মিছিলে অংশ নেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সেখানে পুলিশের তরফ থেকে গেরুয়া ব্রিগেডের মিছিল আটকে দিল পুলিশ। অভিযোগ, মিছিলের অনুমতি ছিল না। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল ডানকুনি। জাতীয় সড়ক অবরোধ করা হয়েছে। প্রতিবাদ জানাচ্ছেন সুকান্ত মজুমদার।








