বিশাল পদযাত্রা করে মনোনয়ন জমা দিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাটের পদ্মপ্রার্থী সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে বুধবার মিছিলে হাঁটলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা। দু’বার সংসদ রত্ন পুরস্কার পাবার পাশাপাশি দিন কয়েক আগেই বিগত ৫ বছরে সবচেয়ে বেশি করে ‘ফার্স্ট বয়’ হয়েছেন সুকান্ত।
আরও পড়ুন: প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে মনোনয়ন পেশ রাহুলের, দিলেন সংবিধান এবং গণতন্ত্র রক্ষার লড়াইয়ের ডাক
১৯ তারিখ থেকে লোকসভা নির্বাচন শুরু। ২৬ তারিখ, দ্বিতীয় দফায় বালুরঘাটে ভোটগ্রহণ। নিয়মিত প্রচারে বেরোচ্ছেন সুকান্ত মজুমদার। এবার মনোনয়নও জমা দিয়ে দিলেন তিনি। বালুরঘাটে সুকান্তর বিপরীতে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। ফলে, বালুরঘাটে একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও জেতার ব্যাপারে সম্পূর্ণ আশাবাদী সুকান্ত মজুমদার।

বিশাল পদযাত্রা করে মনোনয়ন জমা দিলেন সুকান্ত মজুমদার
লোকসভা নির্বাচনের আগে বিগত পাঁচ বছরে সংসদে সাংসদদের পারফরম্যান্স কেমন, তার তালিকা প্রকাশ করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর। সেখানেই দেখা যাচ্ছে, পাঁচ বছরে সবচেয়ে বেশি প্রশ্ন করেছেন বালুরঘাটের বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার।

১০ জনের এই নাম তালিকায় বাংলার আর কোনও সাংসদের নাম নেই। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস-এর রিপোর্ট অনুযায়ী, বিগত পাঁচ বছরে ৫০৫ জন সাংসদ মোট ৯২,২৭১টি প্রশ্ন করেছেন। যার মধ্যে সুকান্ত মজুমদার একাই করেছেন ৫৯৬টি প্রশ্ন।

লোকসভা নির্বাচনের ভোটপ্রচারে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার উত্তরবঙ্গে জনসভা করবেন নমো। এরপর রবিবার আবার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কেন্দ্র বালুরঘাট এবং কোচবিহারে জোড়া জনসভা করবেন প্রধানমন্ত্রী।



