দেশজুড়ে লোকসভা নির্বাচন আসন্ন। আগামী দু মাসের মধ্যেই নির্ঘণ্ট প্রকাশ করবে জাতীয় নির্বাচন কমিশন। রাজনৈতিক দলগুলির প্রস্তুতি জোরকদমে চলছে। বাংলায় ভালো ফল করতে মরিয়া প্রধান বিরোধী দল বিজেপি। সেই লক্ষ্যে সোমবার দেওয়াল লিখন কর্মসূচিতে যোগ দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar at Jangipur)।



আরও পড়ুন: ‘তৃণমূল নেতা শেখ শাহজাহানকে শায়েস্তা করে ছাড়ব’, সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে হুঁশিয়ারি সুকান্তর
এদিন মুর্শিদাবাদ (Murshidabad) জেলার জঙ্গিপুরে দেওয়াল লিখন করেন বালুরঘাট সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দলের প্রতীক চিহ্নের পাশাপাশি স্লোগান লেখা হয়, ‘আরও একবার বিজেপি সরকার।’ নিজের কর্মসূচির কিছু ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এছাড়া, জঙ্গিপুরে সাংগঠনিক জেলার অহিরণ পার্টি অফিস থেকে সাদিকপুর দুলাল কালীতলা মোড় অবধি বাইক র্যালিতে অংশ নেন বিজেপি সাংসদ। সেই ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন।

জঙ্গিপুর সাংগঠনিক জেলার সাদিকপুর দুলাল কালীতলা মোড়ে বিজেপির জনসভায় উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার। জনসভায় বক্তৃতা রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নামে স্লোগান তোলেন।


নজরে হাইভোল্টেজ লোকসভা নির্বাচন, জঙ্গিপুরে দেওয়াল লিখন কর্মসূচি সুকান্তর

এদিনের জনসভায় উপস্থিত জনগণের উদ্দেশ্যে সুকান্ত মজুমদার বলেন, ‘এতদিন আপনারা কংগ্রেসের সাংসদ দেখেছেন, তৃণমূলের সাংসদ দেখেছেন, সিপিএমের সাংসদ দেখেছেন। এবারের নির্বাচনে নরেন্দ্র মোদীকে বিজেপির সাংসদ উপহার দিন, আমি কথা দিচ্ছি এখানে সোনার বাংলা তৈরি হবে।’







