কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাকে ঘিরে উচ্ছ্বাসের আবহে বিজেপি কর্মী-সমর্থকদের সামনে তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। ‘পরিবর্তনের’ ডাক দিয়ে তিনি দাবি করেন, আগামী ৪০ দিনের মধ্যেই রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটবে এবং তৃণমূল কংগ্রেসের পতন অবশ্যম্ভাবী।
সভামঞ্চ থেকে সুকান্ত মজুমদার বলেন, পশ্চিমবঙ্গের মানুষের মনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি গভীর শ্রদ্ধা ও আস্থা রয়েছে। শহরের বিভিন্ন জায়গায় দেখা ‘গো ব্যাক মোদি’ পোস্টার নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বাস্তবে মানুষ বলছে ‘গো ব্যাক মমতা’। তাঁর বক্তব্যে ছিল তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক আক্রমণ।

‘৪০ দিনের মধ্যেই বাংলায় পরিবর্তন’, ব্রিগেডে মোদির সভা থেকে তৃণমূলকে কড়া আক্রমণ সুকান্তর!

কৃষি ইস্যুতেও রাজ্য সরকারকে নিশানা করেন বিজেপি সভাপতি। তিনি দাবি করেন, কেন্দ্রীয় সরকারের কৃষক সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে প্রায় ১৩ হাজার কোটি টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী সেই উদ্যোগকে গুরুত্ব দেননি বলেও অভিযোগ করেন তিনি।
আলুচাষিদের সমস্যার প্রসঙ্গ তুলে সুকান্ত বলেন, রাজ্যে আলুর দাম কমে যাওয়ায় কৃষকরা বড় সংকটে পড়েছেন। তাঁর দাবি, বিজেপি সরকার ক্ষমতায় এলে আলুর জন্য সহায়ক মূল্য নির্ধারণ করা হবে, যাতে কৃষকরা ন্যায্য দাম পান।
এছাড়াও তিনি বলেন, পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ রক্ষার জন্য রাজনৈতিক পরিবর্তন জরুরি। তাঁর কথায়, ‘‘পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে পরিণত হতে দিতে চাই না। তাই বাংলায় বিজেপি সরকার গড়তে হবে।’’


বক্তৃতার শেষাংশে ভিন্ন সুরে সমর্থকদের উদ্দেশে একটি ‘পাঁচালি’ পাঠ করেন সুকান্ত মজুমদার, যা সভাস্থলে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস তৈরি করে।








