সংসদে দাঁড়িয়ে বালুরঘাট বিমানবন্দরের বিমান পরিষেবা চালু করার আর্জি জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar in Perliament)। নিজের দাবি জানিয়ে রাজ্য সরকারকে বিঁধে কেন্দ্রীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি। এনিয়ে পাল্টা খোঁচা দিতে ছাড়েনি বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন: লোকসভার প্রচারের তোড়জোড় শুরু বালুরঘাটে, নিজের গড়ে দেওয়াল লিখন সুকান্তর
এদিন সংসদে বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদার বলেন, ‘কয়েক বছর আগে এয়ারপোর্ট অথারিটি অফ ইন্ডিয়া এক টাকার বিনিময়ে পশ্চিমবঙ্গ সরকারকে বালুরঘাট বিমানবন্দর দিয়ে দেয়। বালুরঘাট বিমানবন্দরের উন্নয়নের ব্যবস্থা রাজ্যের হাতে দেয়। রাজ্য সরকার সেই বিমানবন্দরকে বিমান পরিষেবার জন্য প্রস্তুত করেছে। কিন্তু এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে উপযুক্ত পদক্ষেপ না নেওয়ার জন্য উড়ান স্কিমের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও বালুরঘাট বিমানবন্দর থেকে একটি বিমানও উড়ছে না।’

সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আবেদন জানান, রাজ্য সরকারের সঙ্গে কথা বলে প্রয়োজনে কোচবিহার থেকে যে সিঙ্গেল ইঞ্জিন এয়ারক্রাফট চলছে, সেটি চলাচলের ব্যবস্থা যেন বালুরঘাট বিমানবন্দর থেকে করা হয়। এরফলে কেবল দক্ষিণ দিনাজপুর জেলা নয়, আশেপাশের বেশ কিছু জেলা মালদহ, উত্তর দিনাজপুর, মুর্শিদাবাদের বেশ কিছু অংশের মানুষ সুবিধা লাভ করতে পারবে।
বালুরঘাট বিমানবন্দরের পরিষেবা থমকে, সংসদে তৃণমূল সরকারকে দুষলেন সুকান্ত

তৃণমূল কটাক্ষ করে বলেছেন, লোকসভা ভোটের আগে চমক আনতে এই বিষয়টি নিয়ে এসেছেন বিজেপি সাংসদ। এর পাল্টা দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি নেতৃত্ব জানায়, ‘সুকান্ত মুজুমদার জেলার উন্নয়নের জন্য এই দাবি করেছেন। তৃণমূল যদিও একে চমক বলে, কিছু যায় আসে না।’



