সুজিত বসুর দ্রুত শুনানির আবেদন খারিজ! ‘গ্রেপ্তার তো হয়েছেন, এত তাড়া কীসের?’ প্রশ্ন হাই কোর্টের

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র গ্রেপ্তারি চ্যালেঞ্জ করে দ্রুত শুনানির আবেদন করেছিলেন সুজিত বসু। সেই আবেদন খারিজ করে জুলাইয়ে শুনানির নির্দেশ দিল হাই কোর্ট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সুজিত বসু মামলা ঘিরে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল কলকাতা হাই কোর্ট। পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র গ্রেপ্তারি চ্যালেঞ্জ করে দ্রুত শুনানির আবেদন জানানো হলেও তাতে সাড়া দিল না আদালত। বিচারপতির স্পষ্ট মন্তব্য, গ্রেপ্তার যখন হয়ে গিয়েছে, তখন এত তাড়াহুড়োর প্রয়োজন কোথায়?

সোমবার কলকাতা হাই কোর্টে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর পক্ষ থেকে তাঁর গ্রেপ্তারির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার দ্রুত শুনানির আবেদন করা হয়। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে সেই আবেদন উত্থাপন করেন তাঁর আইনজীবী।

তবে আদালত সেই আর্জি গ্রহণ করেনি। বিচারপতি জানান, যেহেতু সুজিত বসু ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন, তাই এই মুহূর্তে মামলাটির জরুরি ভিত্তিতে শুনানির প্রয়োজনীয়তা তিনি দেখছেন না। আদালতের পর্যবেক্ষণ, এই ধরনের আবেদনে তড়িঘড়ি শুনানির যৌক্তিকতা স্পষ্ট নয়।

উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতি মামলায় গত ১১ মে সুজিত বসুকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এরপরই সেই গ্রেপ্তারিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন তাঁর আইনজীবীরা।

আদালতে সুজিত বসুর পক্ষের দাবি ছিল, ঠিক কোন ভিত্তিতে এবং কী অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা স্পষ্ট নয়। সেই কারণেই গ্রেপ্তারির বৈধতা নিয়ে প্রশ্ন তুলে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে।

আইনজীবী আরও জানান, এই সংক্রান্ত মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত হওয়ার কথা থাকলেও তা হয়নি। সেই কারণেই দ্রুত শুনানির আবেদন জানানো হয়েছে। তবে বিচারপতি কৃষ্ণা রাও এ বিষয়ে প্রশ্ন তোলেন এবং জানতে চান, গ্রেপ্তার হয়ে থাকলে জামিনের আবেদন করা হয়নি কেন।

শেষ পর্যন্ত আদালত মামলাটি শুনানির জন্য তালিকাভুক্ত করার নির্দেশ দিলেও দ্রুত শুনানির আবেদন খারিজ করে দেয়। হাই কোর্ট জানিয়েছে, জুলাই মাসে মামলাটি নিয়মিত শুনানির জন্য উঠবে এবং তখনই বিষয়টি নিয়ে বিস্তারিত শুনানি হবে।

ফলে আপাতত সুজিত বসুর গ্রেপ্তারি চ্যালেঞ্জ সংক্রান্ত মামলায় কোনও তাৎক্ষণিক স্বস্তি মিলল না। এখন নজর জুলাই মাসের শুনানির দিকে, যেখানে আদালত এই মামলার মূল প্রশ্নগুলির উপর সিদ্ধান্ত নিতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর