আশঙ্কাজনক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র, ভেন্টিলেশনে ‘কালীঘাটের কাকু’

‘কালীঘাটের কাকু’-র শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। আদালতের নির্দেশে এবং পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থায় তাঁর চিকিৎসা চলছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’কে সোমবার সন্ধ্যায় আলিপুরের এক বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত এই ব্যক্তিকে সকালেই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে নিয়ে যাওয়া হয়েছিল এসএসকেএম হাসপাতালে।

আশঙ্কাজনক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র, ভেন্টিলেশনে ‘কালীঘাটের কাকু’

সোমবার সকালে প্রেসিডেন্সি সংশোধনাগারে হঠাৎ সংজ্ঞা হারান সুজয়কৃষ্ণ ভদ্র। জানা গিয়েছে, হৃদ্‌যন্ত্রের সমস্যায় ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দ্রুত এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে সন্ধ্যায় শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় আলিপুরের এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

আদালতের অনুমতিতে হাসপাতাল স্থানান্তর

‘কাকু’র আইনজীবী ইতিমধ্যেই আদালতে আবেদন জানান যে, সুজয়কৃষ্ণের আগের চিকিৎসার জন্য ব্যবহৃত আলিপুরের বেসরকারি হাসপাতালেই তাঁকে ভর্তি করা হোক। আদালত সেই আবেদন মঞ্জুর করেন এবং পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থার শর্তে স্থানান্তরের নির্দেশ দেন। নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা পুলিশকে।

আগেও চিকিৎসা হয়েছিল একই হাসপাতালে

এর আগেও শারীরিক অসুস্থতার কারণে এই একই বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়েছিল সুজয়কৃষ্ণ ভদ্রের। তাঁর অস্ত্রোপচারও করা হয়েছিল সেখানেই। আইনজীবী জানান, সেই হাসপাতালটি সুজয়ের চিকিৎসার জন্য উপযুক্ত।

নিয়োগ দুর্নীতি মামলার শুনানি স্থগিত

‘কালীঘাটের কাকু’-র শারীরিক অসুস্থতার কারণে নিয়োগ দুর্নীতি মামলার চার্জ গঠনের শুনানি স্থগিত করা হয়েছে। বিচারক জানান, আগামী ২ জানুয়ারি এই মামলায় পরবর্তী শুনানি হবে। সেদিন চার্জ গঠনের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন