মোদী-শাহের বৈঠকে সামনের সারিতে সুদীপ, ঐক্যের বার্তার মাঝেই গরহাজির ৩ এনসিপিআই সাংসদ

এনডিএ বৈঠকে সুদীপ বন্দ্যোপাধ্যায় দলের ঐক্যের বার্তা দিলেও আবু তাহের, খলিলুর রহমান ও ইউসুফ পাঠানের অনুপস্থিতি ঘিরে তৃণমূলে ফেরার জল্পনা আরও তীব্র হল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সংসদের এনডিএ (NDA) বৈঠকে যোগ দিয়ে দলের ঐক্যের বার্তা দিলেন এনসিপিআই (NCPI)-এর সংসদীয় দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay)। তবে তাঁর সেই বার্তার কিছুক্ষণের মধ্যেই নজরে আসে, দলের তিন সাংসদের অনুপস্থিতি। রাজনৈতিক মহলের মতে, এই অনুপস্থিতি ঘিরেই ফের জোরালো হয়েছে তাঁদের সম্ভাব্য অবস্থান পরিবর্তনের জল্পনা।

মঙ্গলবার সংসদের গ্রন্থাগার ভবনে আয়োজিত এনডিএ-র ‘মঙ্গল মিলন’ বৈঠকে উপস্থিত হন সুদীপ বন্দ্যোপাধ্যায়। বৈঠকে যাওয়ার আগে তিনি স্পষ্ট বলেন, “এনসিপিআই-তে সবাই ঐক্যবদ্ধ।” বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-এর সঙ্গে প্রথম সারিতেই বসতে দেখা যায় তাঁকে। একই সারিতে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)-ও।

তবে দলের ২০ জন সাংসদের মধ্যে তিন জনের অনুপস্থিতি রাজনৈতিক মহলে প্রশ্ন তুলেছে। বৈঠকে দেখা যায়নি মুর্শিদাবাদের আবু তাহের (Abu Taher), জঙ্গিপুরের খলিলুর রহমান (Khalilur Rahaman) এবং বহরমপুরের ইউসুফ পাঠান (Yusuf Pathan)-কে।

গত কয়েক দিন ধরেই এই তিন সাংসদকে ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, তাঁরা কালীঘাটের তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং পুরনো দলে ফেরার বিষয়ে আগ্রহী। এই জল্পনায় নতুন মাত্রা যোগ করেন সৌগত রায় (Sougata Roy)। সম্প্রতি সংসদ চত্বরে আবু তাহের ও খলিলুর রহমানকে পাশে নিয়ে তিনি বলেন, “আমরা তো চাই সবাই ফিরে আসুন।”

অন্যদিকে, সোমবার তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) দাবি করেন, এনসিপিআই-তে যাওয়া অন্তত ছয় জন সাংসদ এবং কয়েক জন বিধায়ক নিয়মিতভাবে তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। ফলে মঙ্গলবারের বৈঠকে ওই তিন সাংসদের অনুপস্থিতিকে নিছক কাকতালীয় হিসেবে দেখছেন না রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।

উল্লেখযোগ্য বিষয় হল, বাদল অধিবেশন শুরুর পর গত সপ্তাহে অনুষ্ঠিত এনডিএ বৈঠকে ব্যক্তিগত কারণে উপস্থিত থাকতে পারেননি সুদীপ বন্দ্যোপাধ্যায়। সে সময় দলের প্রতিনিধিত্ব করেছিলেন কাকলি ঘোষ দস্তিদার। এবার সুদীপের প্রত্যাবর্তনের পর তাঁকে আবারও এনডিএ নেতৃত্বের প্রথম সারিতে দেখা গেল।

এদিনই দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে সুদীপ, কাকলি-সহ এনসিপিআই-এর অন্যান্য সাংসদদের। সুদীপ জানিয়েছেন, সাংসদদের নিজ নিজ এলাকায় উন্নয়নমূলক কাজ, রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় এবং বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়েই মুখ্যমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হবে।

তবে এই বৈঠকের আগেই তিন সাংসদের অনুপস্থিতি রাজনৈতিক আলোচনাকে আরও উসকে দিয়েছে। যদিও নির্বাচন কমিশনের নথিতে এনসিপিআই একটি স্বীকৃত রাজনৈতিক দল, তবুও কাকলি ঘোষ দস্তিদার-সহ তৃণমূল ছেড়ে যাওয়া ২০ জন সাংসদ এখনও লোকসভার নথিতে তৃণমূলের সাংসদ হিসেবেই তালিকাভুক্ত রয়েছেন। ফলে আগামী দিনে তাঁদের রাজনৈতিক অবস্থান কোন দিকে যায়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন