নজরবন্দি ব্যুরোঃ ১৫০ আসনে লড়তে চায় কংগ্রেস, মুখ্যমন্ত্রীর মুখ অধীর! বিরক্ত বিমান বসু। বাংলায় কংগ্রেসের সাথে জোটে ছাড়পত্র দিয়েছে সিপিআইএম কেন্দ্রীয় কমিটি। আগামী বছর পশ্চিমবঙ্গ, কেরল, অসম এবং তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন রয়েছে। এই চারটি রাজ্যের বিধানসভা নির্বাচন কে কেন্দ্র করেই জোটে সায় দিয়েছে সিপিআইএম। ধর্মনিরপেক্ষ দলের সাথে জোট সমঝোতায় যেতে আপত্তি নেই সিপিআইএমের।


পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূল-বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ শক্তি গুলোর সাথে জোট করে লড়বে সিপিআইএম। ঘুরিয়ে বলা হয়েছে কংগ্রেসের সাথে জোট করছে তাঁরা। এদিকে জোট মাঠে নামার আগেই দড়ি টানাটানি শুরু করেছেন অধীর অনুগামীরা। দাদাকে তাঁরা মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান! খবর গিয়েছে আলিমুদ্দিনের কানেও। কিছুটা বিরক্ত বিমান বসুও। প্রশ্ন উঠছে, কংগ্রেসের এমন মন্তব্যে জোটের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে না-তো?
১৫০ আসনে লড়তে চায় কংগ্রেস! বিধান ভবনের কর্তারা দাবি করছেন, বিধানসভা নির্বাচনে অধীর চৌধুরীকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করা হবে। পাশাপাশি রাজ্যের ২৯৪ টি আসনের মধ্যে ১৫০টি আসনে লড়বে কংগ্রেস। স্বাভাবিক ভাবেই আপত্তি উঠেছে বাম ব্রিগেডের পক্ষ থেকে। এদিকে অধীর চৌধুরী প্রসঙ্গে বিমান বসু মন্তব্য করেছেন, “কংগ্রেস একটা পৃথক দল। ওদের নিজেদের বক্তব্য থাকতেই পারে। এর মানে সেই বক্তব্যের সঙ্গে বামেরা সহমত, তা-নয়। ওদের নিজস্ব স্বাধীনতা আছে।”
রবিবার আলিমুদ্দিনে সাংবাদিক সম্মেলনে বিমান বসু বলেন, “পশ্চিমবঙ্গের ইতিহাসে আগে এরকম কখনও হয়নি, যেখানে আমরা একটি নির্দিষ্ট মুখকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী করে এগিয়েছি। তাই এই নিয়ে আমাদের কোনও সিদ্ধান্ত হয়নি!” বিমানের সুরে সুর মিলিয়ে সুজন চক্রবর্তী মন্তব্য করেছেন, “কংগ্রেস আর বামফ্রন্ট জোট করছে ঠিকই। তবে দুটোই পৃথক দল। কংগ্রেস নিজের মতো করে বক্তব্য রাখতেই পারে। ভোটের মুখ কাকে করা হবে, এই সংক্রান্ত কোনও সিদ্ধান্ত আমাদের হয়নি।”









