এসএসসি দাগিদের তালিকা নিয়ে এবার সরাসরি প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশচন্দ্র শর্মার বেঞ্চে শুনানির সময় উঠে এল গুরুত্বপূর্ণ প্রশ্ন—“দাগিদের তালিকায় এত কম নাম কেন?”
গত শনিবার রাতে স্কুল সার্ভিস কমিশন (SSC) মোট ১,৮০৬ জন অযোগ্য প্রার্থীর নাম প্রকাশ করে। ওই তালিকায় শাসক দলের একাধিক নেতা ও তাঁদের ঘনিষ্ঠদের নামও রয়েছে। তবে প্রশ্ন উঠেছে, এতবড় নিয়োগ দুর্নীতির মামলায় কেবল এই সংখ্যক নামই কি প্রকৃত দাগি?
আইনজীবী ফিরদৌস শামিম আদালতে জানান, প্রকৃত সংখ্যা ৫-৬ হাজারেরও বেশি। বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও দাবি করেছেন, অযোগ্যদের তালিকা SSC যা প্রকাশ করেছে তার চেয়ে অনেক বড়।
সুপ্রিম কোর্ট বেঞ্চ স্পষ্ট জানায়, সিবিআই-এর রিপোর্টে আরও অনেক নাম ছিল, অথচ কমিশনের তালিকায় সেগুলি নেই। কমিশনের পক্ষ থেকে জানানো হয়, সিবিআই-এর তালিকার সবাই নিয়োগ পাননি। শুধু যারা চাকরি পেয়েছিলেন, তাঁদের নামই প্রকাশ করা হয়েছে।
আদালত এদিনও কমিশনকে কড়া ভাষায় সতর্ক করে বলে, “কোনও অযোগ্য প্রার্থী যেন নতুন পরীক্ষায় বসতে না পারে।” কমিশনের আইনজীবী প্রীতিকা দ্বিবেদি জানালেন, এই বিষয়ে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে।
তবে বিরোধী পক্ষের আইনজীবীদের অভিযোগ, এখনও অনেক প্রার্থী আছেন যাঁরা দাগি হিসাবে চিহ্নিত হলেও ৭ সেপ্টেম্বরের পরীক্ষায় বসতে চলেছেন। তাঁদের OMR শিটে নম্বর জালিয়াতির প্রমাণ থাকলেও নাম নেই প্রকাশিত তালিকায়।
চাকরি হারানো প্রার্থী চিন্ময় মণ্ডল বলেন, “এই ১৮০৬ জন হলেন অযোগ্য শিক্ষক-শিক্ষিকা। কিন্তু সিবিআইয়ের তালিকায় আরও অনেক নাম রয়েছে, যাঁরা হয়তো চাকরি পাননি, কিন্তু তাঁদেরও OMR-এ গড়মিল ধরা পড়েছে। তাঁদের নামও প্রকাশ করা উচিত।”
সব মিলিয়ে, SSC দাগিদের তালিকা নিয়ে অস্পষ্টতা আরও বাড়ল। আদালতের নজরদারিতে এখন কমিশনকে বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে। মামলার পরবর্তী শুনানিতে এই ইস্যু আরও উত্তপ্ত হওয়ার সম্ভাবনা প্রবল।



