পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলের পর নিরাপত্তা কাঠামো পুনর্বিবেচনার প্রক্রিয়া অব্যাহত। সেই আবহেই প্রাক্তন ভারত অধিনায়ক ও বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এতদিন ‘জেড ক্যাটেগরি’ নিরাপত্তা পেলেও এবার তাঁকে ‘ওয়াই ক্যাটেগরি’ সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, নিরাপত্তা পর্যালোচনার সাম্প্রতিক বৈঠকের পরই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ফলে সৌরভের নিরাপত্তা বলয়ে থাকা কর্মীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। যদিও এই বিষয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রকাশ্যে কোনও মন্তব্য করতে চাননি।


বর্তমান নিরাপত্তা ব্যবস্থায় ‘জেড ক্যাটেগরি’ প্রাপকদের জন্য বিস্তৃত সুরক্ষা বলয় থাকে। সাধারণত প্রায় ৩৫ জন নিরাপত্তাকর্মী এবং রাজ্য পুলিশের বিশেষ ইউনিট এই দায়িত্ব সামলায়। পাশাপাশি পাইলট কার-সহ একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থাও থাকে।
অন্যদিকে ‘ওয়াই ক্যাটেগরি’ নিরাপত্তায় তুলনামূলকভাবে কম সংখ্যক নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়। সাধারণত তিন থেকে চার জন নিরাপত্তাকর্মী থাকেন, যার মধ্যে দু’জন সশস্ত্র রক্ষীও থাকতে পারেন। ফলে সৌরভের নিরাপত্তা কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটছে বলেই মনে করছে প্রশাসনিক মহল।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি এবং বিশিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রশাসনের তরফে জানানো হয়, প্রকৃত নিরাপত্তা ঝুঁকি না থাকলে অতিরিক্ত নিরাপত্তা বজায় রাখার কোনও প্রয়োজন নেই।


এই নীতির ভিত্তিতেই প্রথম দিকে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের নিরাপত্তা পুনর্মূল্যায়ন করা হয়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্তও সেই পর্যালোচনার অংশ ছিল বলে প্রশাসনিক সূত্রে জানা যায়। পরে আরও কয়েকজন রাজনৈতিক নেতা এবং প্রাক্তন পুলিশ আধিকারিকের নিরাপত্তা ব্যবস্থাতেও পরিবর্তন আনা হয়।
সেই ধারাবাহিকতায় এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামও যুক্ত হল। রাজ্য সরকারের যুক্তি, নিরাপত্তা বণ্টনের ক্ষেত্রে প্রয়োজন ও ঝুঁকির মাত্রাকেই প্রধান ভিত্তি হিসেবে ধরা হচ্ছে। ফলে ভবিষ্যতেও নিরাপত্তা কাঠামোর এই পুনর্মূল্যায়ন প্রক্রিয়া চলতে পারে বলে প্রশাসনিক মহলের একাংশের ধারণা।
ক্রিকেট মাঠে তাঁর জনপ্রিয়তা আজও অটুট। তবে প্রশাসনিক সিদ্ধান্তের জেরে এখন আলোচনার কেন্দ্রে সৌরভের নিরাপত্তা। রাজ্য সরকারের এই পদক্ষেপ নিয়ে রাজনৈতিক ও ক্রীড়ামহলে ইতিমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



