প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে (Dona Ganguly) খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। গত কয়েক মাস ধরে তাঁদের কাছে একের পর এক রহস্যময় চিঠি আসছিল। সোমবার ফের এমন একটি চিঠি আসার পর বিষয়টি আর হালকা ভাবে না নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন সৌরভ। বেহালার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাকে ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত প্রায় ছ’মাস ধরে সৌরভের নামে এই ধরনের চিঠি আসছিল। প্রথম দিকে সেগুলিকে সাধারণ ভক্তদের পাঠানো চিঠি বলেই মনে করা হয়েছিল। সেই কারণে প্রতিটি চিঠি খুলে দেখাও হয়নি। কিন্তু সোমবার অফিসে ফের একটি চিঠি পৌঁছনোর পর সেটি খুলে পড়তেই বিষয়টি গুরুতর বলে মনে হয়।
চিঠিটি ইংরেজিতে লেখা এবং অত্যন্ত ছোট ছোট অক্ষর ব্যবহার করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগ, চিঠির ভাষা ছিল অত্যন্ত কড়া এবং তাতে সৌরভ ও ডোনার ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে। এমনকী তাঁদের বাড়িতে ঢুকে খুন করার হুমকিও রয়েছে বলে অভিযোগ। সৌরভের ঘনিষ্ঠরাও নিরাপদ নন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে বলে জানা গিয়েছে।
চিঠিটি হাতে আসার পরই সৌরভের তরফে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয়। ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টির গুরুত্ব বুঝে তদন্তে নেমেছে পুলিশ। সৌরভের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
তদন্তে নেমে পুলিশ প্রাথমিক ভাবে জানতে পেরেছে, বেলঘরিয়া এলাকার এক ব্যক্তি কুরিয়ারের মাধ্যমে এই চিঠিগুলি পাঠাচ্ছেন বলে সন্দেহ করা হচ্ছে। ওই ব্যক্তির ব্যবহৃত ফোনের সিমের গতিবিধি সম্পর্কেও কিছু তথ্য পুলিশের হাতে এসেছে বলে সূত্রের খবর।
চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে কুরিয়ার সংস্থার সঙ্গেও যোগাযোগ করেছেন তদন্তকারীরা। পুলিশের কাছে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য এসেছে—সোমবারও একই পদ্ধতিতে সৌরভের নামে একটি চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। ফলে গত কয়েক মাস ধরে আসা চিঠিগুলির সঙ্গে নতুন চিঠিটির কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
কেন সৌরভ গঙ্গোপাধ্যায়কে লক্ষ্য করে এই ধরনের হুমকি দেওয়া হচ্ছে, সেটিই এখন তদন্তকারীদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। ব্যক্তিগত আক্রোশ, কোনও নির্দিষ্ট উদ্দেশ্য, নাকি এর পিছনে আরও বড় কোনও ষড়যন্ত্র রয়েছে—সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। চিঠির উৎস এবং প্রেরকের পরিচয় নিশ্চিত করতে তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ।



