চেক বাউন্স মামলায় তিহাড় জেলে আত্মসমর্পণের পর বলিউডে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন অভিনেতা রাজপাল যাদব। আত্মসমর্পণের আগে তাঁর মন্তব্য—“আমার কোনও বন্ধু নেই”—প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে, একসময়ের জনপ্রিয় এই কৌতুক অভিনেতাকে কি ভুলে গেছে ইন্ডাস্ট্রি? সেই আবহেই সহমর্মিতার বার্তা নিয়ে সামনে এলেন অভিনেতা সোনু সুদ।
৯ কোটির চেক বাউন্স মামলায় গত বৃহস্পতিবার তিহাড় জেলে আত্মসমর্পণ করেন রাজপাল যাদব। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালতের নির্দেশে তাঁকে জেলে যেতে হয়। অথচ একসময় অক্ষয় কুমার, সলমন খান, সঞ্জয় দত্ত, গোবিন্দা, সুনীল শেট্টি বা পরেশ রাওয়ালের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি। এমনকি নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গেও তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে জানা যায়।

২০১৮ সালের এপ্রিলে ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে ছয় মাসের কারাদণ্ড দেয়। পরে দিল্লি হাই কোর্টে আপিল করলে সেই সাজা স্থগিত হয়। ২০২৪ সালে ফের দোষী সাব্যস্ত হলেও আদালত আশা করেছিল, আর্থিক ক্ষতিপূরণ দিয়ে মামলার নিষ্পত্তি হবে। কিন্তু জানা যায়, আংশিক টাকা জমা দিলেও এখনও প্রায় ৯ কোটি টাকা বকেয়া রয়েছে। ফলে আদালতের নির্দেশেই তাঁকে আত্মসমর্পণ করতে হয়।
সূত্রের খবর, দীর্ঘদিন বড় কাজ না থাকায় আর্থিক সমস্যায় পড়েছিলেন রাজপাল। ফলে বকেয়া টাকা মেটানো তাঁর পক্ষে সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে তাঁর মন্তব্য ঘিরে বলিউডের ‘স্বার্থপরতা’ নিয়েও আলোচনা শুরু হয়।
এই সময়েই তাঁর পাশে দাঁড়ান সোনু সুদ। তিনি জানান, নিজের পরবর্তী ছবিতে রাজপাল যাদবকে কাজের সুযোগ দিতে চান। সোনুর কথায়,
“রাজপাল যাদব একজন অসাধারণ প্রতিভাবান অভিনেতা। জীবনে কখনও কখনও কঠিন সময় আসে। এই মুহূর্তে প্রযোজক, পরিচালক ও সহকর্মীদের তাঁর পাশে দাঁড়ানো উচিত। একটি ছোট কাজও তাঁর ভবিষ্যতের সম্বল হতে পারে। আমাদের মনে রাখতে হবে, ইন্ডাস্ট্রি শুধু কাজের জায়গা নয়, এটা একটা পরিবার।”


সোনু সুদের এই উদ্যোগ ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে অনুরাগী মহলে।








