বিজেপিতে যোগ দিচ্ছেন অরিজিৎ? স্পষ্ট বার্তা দিলেন গায়ক

বিজেপিতে যোগ বা নতুন দল গঠনের জল্পনা উড়িয়ে দিলেন অরিজিৎ সিং। সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানালেন, এখনই রাজনীতিতে নামার কোনও পরিকল্পনা নেই।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্লেব্যাক দুনিয়া থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পরই নতুন জল্পনার কেন্দ্রবিন্দু অরিজিৎ সিং। গানের মঞ্চ ছেড়ে কি এবার রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তিনি? এমন প্রশ্নে সরগরম ছিল সোশ্যাল মিডিয়া থেকে বিনোদন দুনিয়া। বাংলার বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেওয়ার গুঞ্জনও ছড়িয়ে পড়েছিল। শেষ পর্যন্ত সেই সব জল্পনায় নিজেই ইতি টানলেন গায়ক।

সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়, অরিজিৎ সিং নাকি রাজনীতিতে আসার প্রস্তুতি নিচ্ছেন। এমনকী, তিনি কোনও দলে যোগ না দিয়ে নিজের রাজনৈতিক দল গঠনের পরিকল্পনাও করছেন—এমন খবরও সামনে আসে। সেই প্রতিবেদন থেকেই শুরু হয় নানা জল্পনা।

পরিস্থিতি আরও জটিল হয় যখন গুঞ্জন ছড়ায়, বাংলার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে নাকি গেরুয়া শিবিরে যোগ দিতে পারেন অরিজিৎ। এমনকি ভবিষ্যতে তাঁকে ভোটের ময়দানেও দেখা যেতে পারে—এই ধরনের কথাও ছড়িয়ে পড়ে।

এই সব জল্পনার মাঝেই এতদিন নীরব ছিলেন গায়ক। তবে শেষ পর্যন্ত নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে সরাসরি প্রতিক্রিয়া জানান তিনি। এক ভক্তের প্রশ্নের উত্তরে অরিজিৎ লেখেন, “লোকের কাজই খবর তৈরি করা। আরে না রে বাবা, লোক যা ইচ্ছে তাই বলে যাচ্ছে…”

যদিও তাঁর এক্স হ্যান্ডেল এখনও ‘ভেরিফায়েড’ নয়, তবুও ওই মন্তব্যের স্ক্রিনশট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। তাতেই স্পষ্ট, অন্তত এই মুহূর্তে রাজনীতিতে যোগ দেওয়ার কোনও পরিকল্পনা নেই গায়কের।

ফলে বিজেপিতে যোগদান বা নিজস্ব রাজনৈতিক দল গঠনের জল্পনায় আপাতত জল ঢেলে দিলেন অরিজিৎ সিং। ভবিষ্যতে তিনি রাজনীতির ময়দানে নামবেন কি না, সেই উত্তর অবশ্য সময়ই দেবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন