পাহাড়ের পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ, নেপালের বিপর্যয়ের পর তৎপর রাজ্য, আজই উত্তরবঙ্গে শুভেন্দু

নেপালের বিপর্যয়ের পর উত্তরবঙ্গের পাহাড়ে বাড়তি সতর্কতা। বুধবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাসের মধ্যে আজ কালিম্পং ও উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নেপালের সাম্প্রতিক বিপর্যয়ের পর উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলির পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ। তার মধ্যেই বুধবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় আগাম প্রস্তুতিতে জোর দিচ্ছে রাজ্য সরকার। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে মঙ্গলবার ঝটিকা সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কালিম্পংয়ে সরকারি কর্মসূচির পাশাপাশি উত্তরকন্যায় উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক করার কথা তাঁর।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দরে নামার পর হেলিকপ্টারে কালিম্পং যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প হিসেবে সড়কপথে যাওয়ার প্রস্তুতিও রাখা হচ্ছে। কালিম্পং টাউন হলে আয়োজিত সরকারি অনুষ্ঠানে পাহাড়বাসীর হাতে বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা তুলে দেবেন তিনি।

- Advertisement -

টাউন হলের কর্মসূচির পাশাপাশি সেখানে প্রশাসনিক বৈঠকও হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকার কথা সাংসদ রাজু বিস্তা (Raju Bista), বিধায়ক ভরত ছেত্রী, সোনম লামা এবং নোমান রাইয়ের।

কালিম্পংয়ের কর্মসূচি শেষ করে এ দিনই সমতলে ফেরার কথা মুখ্যমন্ত্রীর। এরপর শিলিগুড়ির উত্তরকন্যায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের শীর্ষ আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করবেন তিনি। সেখানে পাহাড় ও উত্তরবঙ্গের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে।

কালিম্পংয়ের জেলাশাসক কুহুক ভূষণ জানিয়েছেন, মঙ্গলবার টাউন হলে মুখ্যমন্ত্রীর সরকারি অনুষ্ঠান রয়েছে। সেখানে পাহাড়বাসীর হাতে সরকারি সুবিধা তুলে দেওয়া হবে। এরপর বৈঠকের কর্মসূচি রয়েছে। কালিম্পং সফর সেরে মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন।

তবে প্রশাসনিক সূত্রের খবর, এই বৈঠকের আলোচনার পরিধি শুধুমাত্র উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনায় সীমাবদ্ধ থাকবে না। পাহাড়ে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতিই বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে।

- Advertisement -

বিশেষ নজর থাকবে ধসপ্রবণ এলাকা, পাহাড়ি রাস্তা এবং সংকীর্ণ নদী-খালগুলির নিরাপত্তায়। পাশাপাশি ঝুঁকিপূর্ণ পাহাড়ি জনবসতিতে দুর্যোগের আগে দ্রুত সতর্কবার্তা পৌঁছে দেওয়ার জন্য কার্যকর ব্যবস্থা কীভাবে আরও শক্তিশালী করা যায়, তা নিয়েও আলোচনা হতে পারে।

এর মধ্যেই আবহাওয়া দফতরের পূর্বাভাসে উদ্বেগ আরও বাড়িয়েছে। বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় টানা ভারী বৃষ্টি হলে ধস, রাস্তা বিপর্যয় এবং যোগাযোগ ব্যবস্থায় সমস্যা তৈরির আশঙ্কা স্বাভাবিকভাবেই বেড়ে যায়।

সাধারণত নবান্ন থেকেই উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে প্রয়োজনীয় নির্দেশিকা ও প্রশাসনিক নির্দেশ দেওয়া হয়। কিন্তু এবার পরিস্থিতির গুরুত্ব বুঝে মুখ্যমন্ত্রী নিজেই ময়দানে নেমে প্রস্তুতি খতিয়ে দেখতে চাইছেন বলে প্রশাসনিক সূত্রের দাবি।

নেপালের বিপর্যয়ের পর পাহাড়ি এলাকার ঝুঁকি নতুন করে সামনে এসেছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে উত্তরবঙ্গের পাহাড়ে আগাম সতর্কতা ও দুর্যোগ মোকাবিলার প্রস্তুতিতে কোনও ফাঁক রাখতে চাইছে না রাজ্য। মুখ্যমন্ত্রীর মঙ্গলবারের সফর এবং উত্তরকন্যার বৈঠকে সেই প্রস্তুতির রূপরেখাই আরও স্পষ্ট হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর