শনিবার একটি সর্বভারতীয় দৈনিক সংবাদপত্রে সম্পাদকীয় লিখেছেন কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন তথা রাজ্যসভার সাংসদ সনিয়া গান্ধী। সেখানে তিনি একাধিক বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছেন। ‘ঐক্যমতের প্রচার, সংঘাতের সুর’ শীর্ষক এই প্রতিবেদনে মূলত বিরোধীদের কন্ঠস্বর রোধের বিষয়টাই তুলে ধরেছেন তিনি। সঙ্গে জায়গা পেয়েছে, নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস বা মণিপুরের জাতিগত হিংসার মতো ইস্যু।
আরও পড়ুন: ইডির স্ক্যানারে CPIM, সমবায় ব্যাঙ্ক দুর্নীতি মামলায় বাজেয়াপ্ত ৭৩ লাখ
সনিয়া শুরুতেই লিখেছেন, “নরেন্দ্র মোদির জনগণের পূর্ণ সমর্থন নিয়ে তৃতীয়বার ক্ষমতায় আসেননি। প্রধানমন্ত্রী এমনভাবে কথা বলছেন যেন কিছুই বদলায়নি। তিনি ঐকমত্যের মূল্য প্রচার করেন কিন্তু সংঘাতকেই গুরুত্ব দিয়ে চলছেন।” সঙ্গে কংগ্রেসনেত্রীর অভিযোগ, অষ্টাদশ লোকসভার বিশেষ অধিবেশনে নিট দুর্নীতি নিয়ে আলোচনা চায়নি সরকার। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মাইক পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে।



অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রী কংগ্রেসের আমলের জরুরি অবস্থার প্রসঙ্গ তুলে সেটিকে ‘অন্ধকার সময়’ বলে অভিহিত করেন। সেই পরিপ্রেক্ষিতে সনিয়া বলেন, গুরুত্বপূর্ণ বিষয়গুলি থেকে দৃষ্টি ঘোরাতেই এনডিএ সরকার এই ধরনের মন্তব্য করছেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় লোকসভার স্পিকার তাতে অংশ নিচ্ছেন।
ঐক্যের প্রচার আসলে সংঘাতের বার্তা, মোদির সমালোচনায় কলম ধরলেন সনিয়া



২০২৩ সালের মে মাসে মণিপুর রাজ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে সাম্প্রদায়িক হিংসা কবলিত মণিপুর নিয়ে নীরব থাকা এবং সেখানে না যাওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করেছেন সনিয়া। সবচেয়ে স্পর্শকাতর এই রাজ্যে সামাজিক সম্প্রীতি নষ্ট হয়েছে। তা সত্ত্বেও প্রধানমন্ত্রী রাজ্যে যাওয়ার সময় বা ইচ্ছে বা রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করার সময় বা আগ্রহ খুঁজে পাননি, লিখেছেন কংগ্রেসনেত্রী। পাশাপাশি, নিট দুর্নীতিতে লাখ লাখ পড়ুয়ার ভবিষ্যত নিয়ে ছিনিমিনি খেলেছে সরকার বলে মত সনিয়ার।







