নজরবন্দি ব্যুরোঃ কান্না ভুলে আজই পদ্ম শিবিরে যোগদান সোনালীর।শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায় গত বারের ৬৪ জন বিধায়ককে ছেঁটে ফেলা হয়েছে তালিকা থেকে। সেই ৬৪ জনের মধ্যে ছিলেন সাতগাছির তৃণমূল বিধায়ক সোনালী গুহও। একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী সোনালী ঘটনার আকস্মিকতায় সংবাদমাধ্যমের সামনেই ভেঙ্গে পড়েন।
আরও পড়ুনঃ “নতুন কৃষি আইন সংশোধনে প্রস্তুত সরকার” জানালেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী
প্রথমে কান্না, তার পরই দলবদলের ভাবনা। গতকালই সংবাদমাধ্যমে তিনি জানান ”আমার সঙ্গে মুকুল রায়ের কথা হয়েছে। বিজেপি-তে যোগদানের বিষয়ে আলোচনাও শুরু হয়েছে।” সূত্রের খবর সেই যোগদানের প্রক্রিয়া শেষ হতে পারে আজ সোমবার বিকেলে। ঘাস্ফুল শিবিরের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক শেষ করে আজ পদ্ম শিবিরে পা রাখছেন তিনি। বিজেপির অফিসে আজ সোমবার দুপুরেই আনুষ্ঠানিক ভাবে সেই দলবদলের প্রক্রিয়া শেষ হবে।
নির্বাচনের আগে শাসকদলের একের পর এক নেতা বিজেপি শিবিরে যোগ দেওয়ায় দৃশ্যতই খুশি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সোনালির দলত্যাগ প্রসঙ্গে দিলীপ বলেন, ”উনি (সোনালি গুহ) মমতা বন্দ্যোপাধ্যায়ের ৩০ বছরের সঙ্গী। এত বছর একসঙ্গে কাজ করার পর যদি কেউ তৃণমূল ছেড়ে বিজেপিতে আসেন তা হলে দোষ কোথায়? তৃণমূল ভাঙার জন্য মমতা একাই যথেষ্ট।” ২০১১-য় রাজ্যে পালাবদলের আগে, সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলন পর্বে তৃণমূল নেত্রীর ‘ছায়াসঙ্গী’ ছিলেন সোনালি। মমতা তাঁকে বিধানসভার ডেপুটি স্পিকারও করেছিলেন। কিন্তু নানা কারণে দল এবং নেত্রীর সঙ্গে ক্রমশ দূরত্ব বাড়ছিল তাঁর।
কান্না ভুলে আজই পদ্ম শিবিরে যোগদান সোনালীর। ২০১৬ সালেও তাঁকে সাতগাছিয়া থেকেই টিকিট দেওয়া হয়েছিল। জিতেওছিলেন সোনালি। তবে ২০২১ শে সবকিছুকে পেছনে ফেলে টিকিটই পেলেন না তিনি। এখন দেখার দল পরিবর্তন করে বাংলায় পরিবর্তন আনতে পারেন কিনা সোনালী।



