নজরবন্দি ব্যুরো: আগামী শনিবার সূর্যগ্রহণ। জ্যোতির্বিদ্যায় আগ্রহীদের জন্য রয়েছে দারুণ চমক। ১৪ অক্টোবর আকাশে দেখা যাবে এক বিরল দৃশ্য। দক্ষিণ ও মধ্য আমেরিকা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্রের মত বেশ কিছু জায়গার স্থানীয়রা এই বিরল দৃশ্যের সাক্ষী থাকবে। শনিবার আমেরিকার বেশিরভাগ অংশে ‘রিং অফ ফায়ার’ সূর্য গ্রহণের আংশিক দৃশ্য দৃশ্যমান হবে। ২০১২ সালের পর এই প্রথম এমন বিরল দৃশ্য দেখা যাবে।


ওয়াশিংটনের একটি প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার চাঁদ সূর্যের সামনে অবস্থান করবে, যার কারণে এর বেশিরভাগ অংশই লুকিয়ে থাকবে কিন্তু একটি দর্শনীয় বৃত্ত বা বলয় দেখা যাবে। জানা যায়, চাঁদ যখন পৃথিবী থেকে তার দূরতম বিন্দুতে সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে যায় সেই সময় একটি বৃত্তাকার সূর্যগ্রহণ ঘটে । এই কারণে চাঁদ পুরোপুরি সূর্যকে ঢেকে রাখতে পারে না, যার কারণে আকাশে সূর্যের আলোর একটি পাতলা বৃত্ত বা ‘আগুনের বলয়’ দৃশ্যমান হয়। সম্পূর্ণ সূর্যগ্রহণ তখনই ঘটে যখন চাঁদ পৃথিবীর অনেক কাছে থাকে।

নাসার তরফে জানানো হয়েছে, আবহাওয়া অনুকূল থাকলে ওরেগন, নেভাদা, উটাহ, নিউ মেস্কিকো, টেক্সাস ও ক্যালিফোর্নিয়ার কিছু অংশে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রে আংশিক সূর্যগ্রহণের গড় সময় হবে চার থেকে পাঁচ মিনিট। আটলান্টিক মহাসাগরে সূর্যাস্তের সময় আংশিক সূর্যগ্রহণ শেষ হবে। এই সূর্য গ্রহণ ভারতে দেখা যাবে না, তাই এদেশে কোনও প্রভাব পড়বে না বলেও জানিয়েছে জ্যোতির্বিজ্ঞানীরা।



আংশিক সূর্য গ্রহণের সময় বিশেষ চশমা ছাড়া সরাসরি খালি চোখে সূর্যের দিকে তাকানো নিরাপদ নয়। এই ধরনের চশমা সাধারণ চশমার তুলনায় হাজার গুণ সুরক্ষা দিতে পারে। গ্রহণ দেখার আর একটি উপায় হল, একটি পিনহোল প্রজেক্টর ব্যবহার করা।
শনিবার সূর্যগ্রহণ, দেখা যাবে এক বিরল দৃশ্য, ২০১২ সালের পর এই প্রথম








