প্রযুক্তিগত ত্রুটিতে বাদ পড়া ভোটারদের শুনানিতে না ডাকার সিদ্ধান্ত, নতুন নির্দেশ কমিশনের

এসআইআর প্রক্রিয়ায় প্রযুক্তিগত কারণে ‘আনম্যাপড’ হলেও প্রমাণযোগ্য ভোটারদের শুনানিতে না ডাকার নির্দেশ, জেলায় জেলায় শুরু শুনানি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রযুক্তিগত সীমাবদ্ধতায় নাম ‘আনম্যাপড’ হলেও যাঁদের ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে নিজস্ব নাম বা উত্তরাধিকারসূত্রে যোগসূত্র প্রমাণযোগ্য—তাঁদের শুনানিতে ডাকা হবে না। বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় এমন সিদ্ধান্তই জানাল Election Commission of India। ইতিমধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের কাছে সংশ্লিষ্ট নির্দেশিকা পাঠিয়েছে।

শনিবার থেকেই West Bengal-এ শুরু হয়েছে ভোটারদের শুনানি। কমিশন সূত্রে জানা যাচ্ছে, প্রথম দফায় কেবল তাঁদেরই ডাকা হচ্ছে—যাঁদের নাম ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে প্রযুক্তিগত কারণে ‘ম্যাপিং’ করা যায়নি। রাজ্যে এমন ভোটারের সংখ্যা প্রায় ৩২ লক্ষ। এই উদ্দেশ্যে রাজ্যজুড়ে তৈরি করা হয়েছে প্রায় ৩,২৩৪টি শুনানি কেন্দ্র; প্রতিটি বিধানসভা এলাকায় গড়ে ১১টি করে কেন্দ্র। মঙ্গলবার সকাল ১০টা থেকে শুনানি চলছে, যেখানে উপস্থিত থাকছেন সংশ্লিষ্ট ইআরও, এইআরও এবং কমিশন নিযুক্ত এক জন করে মাইক্রো রোল অবজার্ভার।

মাইক্রো অবজার্ভার নিয়োগ ঘিরে রাজনৈতিক বিতর্কও তুঙ্গে। মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায় অভিযোগ তুলেছেন, রাজ্যের সঙ্গে আলোচনা না করেই ‘দিল্লির লোক’ এনে এই পদে নিয়োগ করা হচ্ছে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের বিএলএ-দের সঙ্গে বৈঠকে তিনি বলেন, কেন্দ্রীয় সরকারি কর্মীদের পরিচয়, কর্মস্থল ও আবাস—সবকিছুর স্বচ্ছ তথ্য রাজ্যকে দিতে হবে। তাঁর দাবি, রাজ্যকে না জানিয়ে ইচ্ছাকৃতভাবেই এই প্রক্রিয়া চালাচ্ছে কমিশন।

শুনানি কেন্দ্রগুলি কলকাতায় বিভিন্ন সরকারি দফতর ও কলেজ ভবনে, আর জেলাগুলিতে বিডিও অফিস ও ব্লক স্তরের সরকারি ভবনে চলছে। এসআইআর প্রক্রিয়ার জন্য প্রায় চার হাজার মাইক্রো অবজার্ভার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতার নজরুল মঞ্চে দু’দফায় তাঁদের প্রশিক্ষণও সম্পন্ন হয়েছে।

কমিশনের বক্তব্য, এই মাইক্রো অবজার্ভাররাই শুনানি প্রক্রিয়ার উপর নজরদারির মূল দায়িত্বে থাকবেন। তাঁরা সকলেই কেন্দ্রীয় সরকারি কর্মী। যদিও প্রথমে অন্য রাজ্য থেকে কর্মী আনার কথা শোনা গিয়েছিল, সিইও দফতর স্পষ্ট করেছে—নিযুক্ত সকল মাইক্রো অবজার্ভারই পশ্চিমবঙ্গের বাসিন্দা।

এদিকে, কমিশন জানিয়েছে—যাঁদের শুনানিতে ডাকা হয়েছে এবং যাঁরা সিএএ (CAA) সার্টিফিকেট জমা দিতে পারবেন, তাঁদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় থাকবে। সিইও মনোজ আগরওয়ালের বক্তব্য অনুযায়ী, যাচাই শেষে যোগ্য ভোটারদের বাদ দেওয়ার কোনও প্রশ্ন নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর