এসআইআর ইস্যুতে প্রধান বিচারপতিকে চিঠি, আপ-ডিএমকের সইয়ে ‘ইন্ডিয়া’ শিবিরে স্বস্তি, বয়কট কি ভাঙল?

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ইস্যুতে প্রধান বিচারপতির দ্বারস্থ ‘ইন্ডিয়া’ জোট। আপ ও ডিএমকের স্বাক্ষর ঘিরে নতুন রাজনৈতিক বার্তা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নয়াদিল্লি: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision-SIR) এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে উদ্বেগ জানিয়ে দেশের প্রধান বিচারপতি (Chief Justice of India-CJI) সূর্য কান্ত (Justice Surya Kant)-কে যৌথ চিঠি দিল বিরোধী জোট ‘ইন্ডিয়া’ (INDIA Alliance)। মঙ্গলবার পাঠানো ওই চিঠিতে ২৩টি রাজনৈতিক দলের পাশাপাশি এক জন নির্দল প্রতিনিধিরও স্বাক্ষর রয়েছে। রাজনৈতিক মহলের নজর কেড়েছে আম আদমি পার্টি (Aam Aadmi Party-AAP) এবং দ্রাবিড় মুন্নেত্র কাঝগম (Dravida Munnetra Kazhagam-DMK)-এর সই, কারণ সম্প্রতি দুই দলের অবস্থান নিয়ে জোটের ভিতরেই জল্পনা তৈরি হয়েছিল।

গত ৮ জুন দিল্লির কনস্টিটিউশন ক্লাব (Constitution Club)-এ ‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে প্রধান বিচারপতিকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ওই বৈঠকে কংগ্রেস, তৃণমূল, আরজেডি, সমাজবাদী পার্টি, সিপিআই(এম)-সহ ২১টি দল উপস্থিত থাকলেও ডিএমকে প্রতিনিধি পাঠায়নি। অন্যদিকে, লোকসভা নির্বাচনের পর থেকেই আপ এবং কংগ্রেসের সম্পর্কও তেমন মসৃণ ছিল না। আপ আনুষ্ঠানিকভাবে ‘ইন্ডিয়া’ জোট থেকে নিজেদের দূরে সরিয়ে নেওয়ার কথাও জানিয়েছিল।

জোট সূত্রের দাবি, গত কয়েক সপ্তাহ ধরে আপ এবং ডিএমকের সঙ্গে যোগাযোগ রেখে সমঝোতার চেষ্টা চলছিল। শরিক দলগুলির একাধিক নেতা নিয়মিত দুই দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করেছেন। সেই সমন্বয় প্রক্রিয়া শেষ করতেই চিঠি পাঠাতে সময় লেগেছে বলে দাবি করা হয়েছে। জোটের আর একটি সূত্রের বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ব্যক্তিগতভাবে অরবিন্দ কেজরীবাল (Arvind Kejriwal) এবং এম কে স্ট্যালিন (M.K. Stalin)-এর সঙ্গে যোগাযোগ রেখে এই সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। তবে এই বিষয়ে সংশ্লিষ্ট কোনও পক্ষ আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।

মঙ্গলবার কংগ্রেস (Congress) নেতা জয়রাম রমেশ (Jairam Ramesh) সমাজমাধ্যমে জানান, ২৩টি রাজনৈতিক দল এবং এক জন নির্দল প্রতিনিধি প্রধান বিচারপতিকে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন। পরে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)-এর রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien) সেই পোস্ট ভাগ করে লিখেছেন, আপ এবং ডিএমকেও ওই চিঠিতে সই করেছে।

৮ জুনের বৈঠকের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে (Mallikarjun Kharge) জানিয়েছিলেন, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন, নির্বাচনী প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ এবং ভোট ব্যবস্থা নিয়ে বিরোধী দলগুলি প্রধান বিচারপতির দ্বারস্থ হবে। পাশাপাশি NEET প্রশ্নপত্র ফাঁস এবং CBSE-সংক্রান্ত বিতর্কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান (Dharmendra Pradhan)-এর পদত্যাগের দাবিও তুলবে ‘ইন্ডিয়া’ জোট।

আপ ও ডিএমকের এই যৌথ চিঠিতে স্বাক্ষর রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করেছে। যদিও এতে জোটের অভ্যন্তরীণ সমস্ত মতভেদ মিটে গিয়েছে কি না, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ইঙ্গিত মেলেনি। তবে নির্বাচন-সংক্রান্ত ইস্যুতে বিরোধী দলগুলির অভিন্ন অবস্থান স্পষ্ট করতেই এই উদ্যোগ বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন