বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম (Commercial LPG Price) কমায় স্বস্তির খবর পেলেন হোটেল, রেস্তোরাঁ এবং ছোট খাবারের দোকানের মালিকেরা। মঙ্গলবার মধ্যরাত থেকে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম ১৭৪ টাকা কমে হয়েছে ৩,০৮১ টাকা। আগে এই সিলিন্ডারের দাম ছিল ৩,২৫৫ টাকা। তবে সাধারণ গ্রাহকদের জন্য ব্যবহৃত ১৪.২ কেজির ঘরোয়া LPG সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি।
গত কয়েক মাসে আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাব পড়েছিল জ্বালানি বাজারে। বিশেষ করে ইরান-সংক্রান্ত সংঘাতের জেরে হরমুজ প্রণালী (Strait of Hormuz) কার্যত অচল হয়ে পড়ায় অপরিশোধিত তেল এবং লিক্যুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস (Liquefied Petroleum Gas – LPG)-এর সরবরাহে চাপ তৈরি হয়। সেই পরিস্থিতিতে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গত ৬ মার্চের পর একাধিক দফায় বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম বাড়ানো হয়েছিল।
বারবার দাম বৃদ্ধির ধাক্কা সবচেয়ে বেশি অনুভব করেছিলেন ছোট হোটেল, পাইস হোটেল এবং রেস্তোরাঁ ব্যবসায়ীরা। গ্যাসের অতিরিক্ত খরচ বহন করা কঠিন হয়ে পড়ায় বহু ছোট ব্যবসা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। অনেকেই বাধ্য হয়ে খাবারের দাম বাড়িয়েছিলেন, যাতে অতিরিক্ত ব্যয় কিছুটা সামাল দেওয়া যায়।
শুধু খাবারের দামই নয়, রান্নার খরচ কমাতে অনেক রেস্তোরাঁ তাদের মেনুতেও পরিবর্তন আনে। অপেক্ষাকৃত কম গ্যাসে তৈরি করা যায় এমন খাবারের সংখ্যা বাড়ানো হয় এবং বেশি সময় রান্না লাগে এমন পদ কমিয়ে দেওয়া হয়।
এবার বাণিজ্যিক LPG সিলিন্ডারের দাম কমায় সেই চাপ কিছুটা হলেও কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। যদিও ঘরোয়া সিলিন্ডারের দাম অপরিবর্তিত থাকায় সাধারণ পরিবারের খরচে আপাতত কোনও পরিবর্তন আসছে না। তবুও বাণিজ্যিক গ্যাসের এই মূল্যহ্রাস খাদ্য ব্যবসার ক্ষেত্রে কিছুটা স্বস্তির বার্তা হিসেবেই দেখা হচ্ছে।






