বিকশিত ভারত-গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) (Viksit Bharat–Guarantee for Rozgar and Aajeevika Mission–Gramin) বা VB-G RAM-G প্রকল্প বুধবার, ১ জুলাই থেকে পশ্চিমবঙ্গে কার্যকর হচ্ছে। কেন্দ্রের মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প (MGNREGA)-এর পরিবর্তে এই নতুন কর্মসূচি চালু করা হচ্ছে।
নতুন প্রকল্পে প্রতি অর্থবর্ষে ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা দেওয়া হবে। সরকারি হিসাব অনুযায়ী, পশ্চিমবঙ্গের প্রায় ২.৫৬ কোটি জব কার্ডধারী এই প্রকল্পের সুবিধা পাবেন।
প্রকল্প বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকার ৮,৫০৮ কোটি টাকা এবং রাজ্য সরকার ৫,৬৭২ কোটি টাকা বরাদ্দ করেছে।
রাজ্যে সরকার পরিবর্তনের পর কেন্দ্রীয় প্রকল্পগুলি দ্রুত কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় সোমবার সরকারি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, বুধবার থেকেই রাজ্যের প্রযোজ্য সমস্ত গ্রামীণ এলাকায় VB-G RAM-G চালু হবে।
এই প্রকল্পে শ্রমিকদের মজুরি সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (Direct Benefit Transfer বা DBT)-এর মাধ্যমে ব্যাঙ্ক বা ডাকঘরের অ্যাকাউন্টে পাঠানো হবে।
সরকারি নির্দেশিকা অনুযায়ী, মাস্টার রোল বন্ধ হওয়ার এক সপ্তাহের মধ্যে অথবা সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে মজুরি পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা না পেলে শ্রমিকরা আইনি বিধান অনুযায়ী ক্ষতিপূরণ দাবি করতে পারবেন।
উল্লেখ্য, বিগত কয়েক বছরে মনরেগা প্রকল্পে অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় বরাদ্দ দীর্ঘ সময় বন্ধ ছিল। অভিযোগ ছিল, উপভোক্তা তালিকায় ভুয়ো নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যের অসঙ্গতি এবং মজুরি প্রদানে অনিয়মের মতো একাধিক সমস্যা তৈরি হয়েছিল।
পরে উপভোক্তা তালিকা পুনর্বিবেচনা করে প্রায় ৫০ লক্ষ নাম বাদ দেওয়া হয়। কেন্দ্রের শর্ত পূরণ করে নতুনভাবে অনুমোদনের পর এবার চালু হচ্ছে VB-G RAM-G।
এই প্রকল্পের বাস্তবায়নের দায়িত্বে থাকবে পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ রোজগার গ্যারান্টি কাউন্সিল। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী কাউন্সিলের নেতৃত্ব দেবেন। পাশাপাশি মুখ্যসচিবের নেতৃত্বাধীন কমিটি পরিকল্পনা, বাস্তবায়ন ও তদারকির দায়িত্বে থাকবে।



