নজরবন্দি ব্যুরো: দলীয় ক্যাম্প ভাঙছে কেন্দ্রীয় বাহিনী, রাগে ক্ষোভে ফুঁসছে তৃণমূল কংগ্রেস। নিজেদের অফিসিয়াল পেজ থেকে ইতিমধ্যে টুইট করা হয়েছে দলের পক্ষ থেকেও। টুইটে জানানো হয়েছে, বজবজ বিধানসভার মায়াপুরে তৃণমূলের ক্যাম্প ভাঙচুর করেছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের দায়িত্ব যাঁদের হাতে তাদের এহেন ক্রিয়া কলাপে ক্ষোভ প্রকাশ করেছে ঘাসফুল শিবির।
আরও পড়ুনঃ চতুর্থ দফার ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা আধিকারিককে সরাল নির্বাচন কমিশন।
এমনিতেও গত কয়েকদিন ধরেই বারবার তৃণমূলের তরফ থেকে দাবি করা হচ্ছিল বিজেপির হয়ে কাজ করছে কেন্দ্রীয় বাহিনী। রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই বিস্তর জলঘোলা হয়েছে খোদ মুখ্যমন্ত্রীর মন্তব্যে। গত ৭ই এপ্রিল কোচবিহারের সভা থেকে কেন্দ্রীয় বাহিনী ভোট প্রভাবিত করতে পারে সেই আশঙ্কা নিয়ে তিনি বলেছিলেন, “কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভোট প্রভাবিত করতে এলে একদল ওদের ঘিরে ফেলুন, আরেক দল ভোট দিয়ে যান, কারা এই কাজ করছে তাঁদের নাম লিখে রাখুন।”
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরে তা দুর্ভাগ্যজনক বলে নোটিস পাঠানো হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তবে নিজের মন্তব্যে অনড় মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি একাধিক বার জানিয়েছেন তিনি সম্মান করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের, কিন্তু তাঁরা বিজেপির হয়ে কাজ করছেন। অপর দিকে আজ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী খোদ মুখ্যমন্ত্রীর পাড়ায় এসে জানিয়ে দিয়ে গেছেন রাজ্যে শান্তির ভোট চাননা মমতা, তাই মন্তব্য করছেন কেন্দ্রীয় বাহিনী নিয়ে। তিনি এও বলেছেন ভোট পর্বে কেন্দ্রীয় বাহিনী সম্পূর্ণ কমিশনের হাতে।
কিন্তু এসবের দিন পেরোনোর আগেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ফের অভিযোগ উঠে এসলো কেন্দ্রীয় বাহিনীর নামে। কিভাবে শান্তির শৃঙ্খলা রক্ষাকারীরা কোনো রাজনৈতিক দলের ক্যাম্প ভেঙে ফেলেছেন তাই নিয়ে প্রশ্ন তুলছেন দলের নেতা মন্ত্রীরা। প্রশ্ন করেছেন কাদের হয়ে এই কাজ করছে কেন্দ্রীয় বাহিনী? শুধু তাই নয় টুইটে তৃণমুলের তরফ থেকে স্পষ্ট বলা হয়েছে, ছদ্মবেশে বিজেপি গুন্ডা হয়েই কি রাজ্যে এসব ঘটাচ্ছেন? প্রশ্ন উঠেছে, “মেন ইন ক্যামোফ্লেজ অর বিজেপি গুনস?” যদিও এই বিষয়ে এখনো বিজেপি বা নির্বাচন কমিশনের তরফ থেকে কিছু জানানো হয়নি।



