অস্ট্রেলিয়া যাচ্ছেন শামি! কবে? জানালেন ছোট বেলার কোচ

১৯ ওভার বল করে ৫৪ রান দিয়ে এক-দুই নয়, চার উইকেট তুলে উড়িয়ে দেন মধ্যপ্রদেশকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রায় দীর্ঘ এক বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন জাতীয় দলের মেগাস্টার মহম্মদ শামি। গত বুধবার বাংলার হয়ে মাঠে নেমে পড়েছিলেন বোলিং মহাতারকা। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে, বাংলা-মধ্যপ্রদেশ রঞ্জি ম্যাচের হাত ধরে শামি, ৩৬০ দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছিলেন। ম্যাচের প্রথম দিন ১০ ওভার বল করে ৩৪ রান দিয়ে কোনও উইকেট পাননি তিনি। শুরু হয়ে গিয়েছিল বিস্তর সমালোচনা।

কিন্তু বাংলা-মধ্যপ্রদেশ রঞ্জি ম্যাচের দ্বিতীয় দিনই শামি বুঝিয়ে দেন যে, তিনি কোন ধাতুতে গড়া! ১৯ ওভার বল করে ৫৪ রান দিয়ে এক-দুই নয়, চার উইকেট তুলে উড়িয়ে দেন মধ্যপ্রদেশকে। শামির ছোটবেলার কোচ মহম্মদ বদরুদ্দিন জানিয়ে দিলেন যে, শামি যাচ্ছেন অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে। তিনি দাবি করেন তৃতীয় টেস্টের আগে ভারতীয় দলে যোগ দিচ্ছেন শামি।

বদরুদ্দিন বলে দিয়েছেন, ‘অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের পর ভারতীয় টিমের সঙ্গে যোগ দেবে সামি। ও প্রবল ভাবে মাঠে ফিরেছে। নিজেকে ফিট প্রমাণও করেছেন। উইকেটও পেয়েছে।’ বুমরা ও সিরাজ আছেন টিমে। কিন্তু আগের দুটো সিরিজে দুরন্ত বোলিং করেছিলেন শামি। দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ায় ৫ টেস্টের সিরিজ খেলবে ভারত।

সিরাজ টিমে থাকলে ভারতের পেস বোলিং আরও জোরালো হবে। অপর দিকে বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচে প্রথম ইনিংসে শামির ফিটনেস ও পারফরম্যান্সে সন্তুষ্ট হলেও, দ্বিতীয় ইনিংসে তাঁর পারফরম্যান্সের দিকে নজর রাখতে চাইছেন নির্বাচকরা। এই পেসার দ্বিতীয় ইনিংসে বোলিং করার পর গোড়ালিতে যন্ত্রণা অনুভব করছেন কি না, তিনি চার দিন খেলার ধকল নিতে পারছেন কি না, সেসব দেখে নিতে চাইছেন নির্বাচকরা। শামিকে সম্পূর্ণ ফিট মনে হলেই অস্ট্রেলিয়া সফরে পাঠানো হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত