নজরবন্দি ব্যুরোঃ গত মঙ্গলবার দেশজুড়ে ৭৬ জায়গায় অভিযান চালিয়েছিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)। দেশের মোট ১৪ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে এই অভিযান চালানো হয়েছিল। অনলাইনে শিশুদের যৌন নির্যাতন সম্পর্কিত নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে।
আরও পড়ুনঃ জলের দামে দেশি মদ, চোলাই বিক্রি রুখতে ৪৯টি ব্র্যান্ডের সস্তা মদ আনছে রাজ্য
দেশের কানেকাল (অন্ধ্রপ্রদেশ); দিল্লী; কোঞ্চ জালাউন, মাউ, চান্দৌলি, বারানসি, গাজিপুর, সিদ্ধার্থনগর, মোরাদাবাদ, নয়ডা, ঝাঁসি, গাজিয়াবাদ, মুজাফফরনগর (উত্তরপ্রদেশ); জুনাগড়, ভাবনগর, জামনগর (গুজরাট); সঙ্গরুর, মালেরকোটলা, হোশিয়ারপুর, পাতিয়ালা (পাঞ্জাব); পাটনা, সিওয়ান (বিহার); যমুনা নগর, পানিপথ, সিরসা, হিসার (হরিয়ানা);

ভদ্রক, জাজাপুর, ঢেনকানাল (ওড়িশা); তিরুভালুরে, কোয়েম্বাটোর, নামক্কল, সালেম, তিরুভান্নামালাই (তামিলনাড়ু); আজমির, জয়পুর, ঝুনঝুনু, নাগৌর (রাজস্থান); গোয়ালিয়র (মধ্যপ্রদেশ); জলগাঁও, সালওয়াদ, ধুলে (মহারাষ্ট্র); কোরবা (ছত্তিশগড়); এবং সোলান (হিমাচল প্রদেশ) সহ প্রায় ৭৬টি স্থানে এই অভিযান চালানো হয়। সূত্রের খবর, শিশুদের নির্যাতনের প্রায় সব ক’টি ঘটনাই ঘটেছে অনলাইনে। বিভিন্ন ওয়েবসাইটে যৌন নির্যাতন মূলক বিষয় পোস্ট করা হয়েছে বা ছড়িয়ে দেওয়া হয়েছে।

এমনই ২৩টি ভিন্ন অভিযোগের বিষয় তাঁদের নজরে এসেছে বলে জানিয়েছেন এক আধিকারিক। আর এই ঘটনার তদন্তে নেমে CBI এর হাতে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। শিশুদের যৌন হেনস্থার সাথে বিশ্বের ১০০ টি দেশের বিভিন্ন ব্যক্তিদের যুক্ত থাকার প্রমাণ মিলেছে।
১০০ টি দেশের ৫০ টি দলের মোট ৫ হাজার জনের এই ঘটনায় জড়িত থাকার কথা জানতে পেরেছে সিবিআই। তদন্তকারী দলের এক আধিকারিক জানিয়েছেন, “ওই ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন গ্রুপে লিঙ্ক, ভিডিও, ছবি, টেক্সট, পোস্ট ছড়িয়ে দেওয়ার মাধ্যমে এই চক্র নিজেদের অসাধু কার্যকলাপ চালাচ্ছিল।”
শিশুদের যৌন নির্যাতন, আন্তর্জাতিক চক্রের চাঞ্চল্যকর প্রমাণ CBI-র হাতে
বিশ্বের কানাডা, বাংলাদেশ, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, আমেরিকা, ব্রিটেন, বেলজিয়াম, ইমেনের মত দেশের অনেকেই অনলাইন মাধ্যমে শিশুদের যৌন নির্যাতনের মত মারত্মক ঘটনার সঙ্গে জড়িত বলেই জানা গিয়েছে।



