হাওড়ার পর এ বার শিয়ালদহ স্টেশনেও বড়সড় উচ্ছেদ অভিযান চালাল রেল। রবিবার একযোগে প্ল্যাটফর্ম, স্টেশন চত্বর ও প্রবেশপথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ২৫০-রও বেশি অবৈধ হকার ও দোকান। দীর্ঘদিনের দখলদারি ঘিরে বিতর্কের অবসান ঘটিয়ে দেশের অন্যতম ব্যস্ত রেলস্টেশনকে পুরোপুরি ‘হকারমুক্ত’ করার দাবি পূর্ব রেলের। এই পদক্ষেপে স্বস্তি পেয়েছেন লক্ষ লক্ষ নিত্যযাত্রী।
রেল সূত্রে খবর, শিয়ালদহ ডিভিশনে প্রতিদিন প্রায় ১২ লক্ষ যাত্রী যাতায়াত করেন। দিনে ৮৮৫ থেকে ৯২১টি লোকাল ট্রেন চলাচল করে এই ডিভিশনে। এত বিপুল যাত্রীচাপের মধ্যেও দীর্ঘদিন ধরে প্ল্যাটফর্মের একাংশ দখল করে বসেছিল অসংখ্য অবৈধ হকার। ফলে যাত্রীদের চলাচলে বাধা, নোংরা পরিবেশ এবং দুর্ঘটনার আশঙ্কা ক্রমেই বাড়ছিল।


রেল কর্তৃপক্ষের অভিযোগ, অতীতে রাজনৈতিক প্রভাব ও বিভিন্ন ইউনিয়নের চাপের কারণে বহুবার উদ্যোগ নিয়েও হকার উচ্ছেদ সম্ভব হয়নি। ধীরে ধীরে প্ল্যাটফর্মের বড় অংশ দখল হয়ে যায়। শুধু প্ল্যাটফর্ম নয়, স্টেশনে ঢোকার রাস্তাও বেহাল হয়ে পড়েছিল জবরদখলের কারণে।
শনিবার রাতেই হাওড়া স্টেশন চত্বর থেকে হকার সরানোর অভিযান শুরু হয়েছিল। তার পরদিন শিয়ালদহেও একই ধরনের কড়া পদক্ষেপ নেয় পূর্ব রেল। রেলের এক আধিকারিক জানিয়েছেন, স্টেশন যাত্রীদের চলাচলের জায়গা, ব্যবসার জন্য দখল করে রাখার নয়। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে হকারদের আইনি নোটিস দিয়ে সময় বেঁধে দেওয়া হয়েছিল।
রেল সূত্রে দাবি, অনেকেই স্বেচ্ছায় জায়গা খালি করেছেন। তবে যাঁরা শেষ পর্যন্ত নির্দেশ মানেননি, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে যাতে ফের প্ল্যাটফর্ম বা স্টেশন চত্বর দখল না হয়, তার জন্য আরপিএফ ও রেল পুলিশের যৌথ নজরদারি বাড়ানো হবে।


রেলের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিজেপি। দলের রাজ্যসভার সাংসদ Rahul Sinha বলেন, শিয়ালদহের মতো গুরুত্বপূর্ণ স্টেশনে হকারদের দাপটে যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছিল। দুর্ঘটনার আশঙ্কাও বাড়ছিল। তাই এই সিদ্ধান্ত প্রয়োজনীয় ছিল।
অন্যদিকে তীব্র বিরোধিতা করেছে All India Trinamool Congress। দলের মুখপাত্র Arup Chakraborty প্রশ্ন তুলেছেন, গরিব মানুষের রুটিরুজি কেড়ে নিয়েই কি উন্নয়নের বার্তা দিতে চাইছে সরকার?
রাজনৈতিক চাপানউতোর চললেও, সাধারণ যাত্রীদের একাংশ মনে করছেন, হকারমুক্ত হওয়ার ফলে শিয়ালদহ স্টেশনের পরিবেশ অনেকটাই বদলেছে। চলাচল সহজ হয়েছে, কমেছে ভিড় ও বিশৃঙ্খলাও।







