নজরবন্দি ব্যুরোঃ অনাথ শিশুদের জন্য ‘পিএম কেয়ার্স ফর চিলড্রেন’ প্রকল্পের বিস্তারিত তথ্য চাইল শীর্ষ আদালত। করোনায় একযোগে বাবা-মা বা তাঁদের অভিভাবকদের হারিয়ে দেশে অনাথ হয়েছে কয়েক হাজার শিশু। সেই সমস্ত শিশুদের দেখভালের সমস্ত দায়িত্ব কেন্দ্রকে নিতে হবে বলে কিছুদিন আগেই নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত। সেই মত এই নিয়ে দ্রুত বিশেষ কমিটি গঠন করে কেন্দ্র। যে কমিটির নেতৃত্বে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও পড়ুনঃ মোদী-শাহের উপরেই প্রয়োগ করা উচিত মহামারী আইন, জানিয়ে দিলেন অভিষেক।


‘পিএম কেয়ার্স ফর চিলড্রেন’ প্রকল্পের মাধ্যমে ওই শিশুদের মানুষ করে তোলার দায়িত্ব নিয়েছে কেন্দ্র। যে প্রকল্পে ওই শিশুদের জন্য উচ্চশিক্ষা পর্যন্ত সমস্ত ব্যবস্থা করবে কেন্দ্র। এবার সেই প্রকল্পেরই বিস্তারিত তথ্য কেন্দ্রের কাছে চেয়ে পাঠাল সুপ্রিম কোর্ট। আগামী সোমবারের মধ্যে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত প্রকল্প ঘোষণার পরেই বিস্তারিত তথ্য জানতে চেয়ে আবেদন করেন আদালতের নিরপেক্ষ প্রতিনিধি বা অ্যামিকাস। মঙ্গলবার আদালতের তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য্য ভাটিকে প্রকল্পের সুবিধা কারা পাবেন, কীভাবে গোটা বিষয়টির উপরে নজরদারি করা হবে, সেই সংক্রান্ত যাবতীয় নথি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
শীর্ষ আদালত এই নিয়ে বলে, “অ্যামিকাস তাঁর আবেদনে জানিয়েছেন যে পিএম কেয়ার্স ফর চিলড্রেন প্রকল্পের তথ্য অনুযায়ী যে সমস্ত শিশুরা করোনা সংক্রমণের জেরে নিজের মা-বাবাকে হারিয়েছে, তাঁরা এই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবে। এই প্রকল্পের ঘোষণা করা হলেও প্রেস বিজ্ঞপ্তি ছাড়া বাকি কোনও তথ্যই জানা নেই।” মামলার শুনানিতে বিচারপতি নাগেশ্বর রাও এবং বিচারপতি অনিরুদ্ধ বসুর বেঞ্চের তরফে জানানো হয়, এই প্রকল্পের অধীনে শিশুদের পড়াশোনার খরচ কেন্দ্র বহন করবে বলে জানিয়েছে।
অনাথ শিশুদের জন্য ‘পিএম কেয়ার্স ফর চিলড্রেন’ প্রকল্পের বিস্তারিত তথ্য চাইল শীর্ষ আদালত। কিন্তু কতজন শিশু এই প্রকল্পের সুবিধা পাবে এবং কেন্দ্রীয় সরকার কীভাবে এই প্রকল্পের রূপায়ন করবে, তা নিয়ে কোনও সুস্পষ্ট ধারণা নেই। সেই ধারণা পেতেই এই রিপোর্টের নির্দেশ দিল আদালত। একই সঙ্গে কোভিডে অভিভাবককে হারানো অনাথ শিশুদের সর্বশেষ আপডেটও জানতে চাওয়া হয়েছে কেন্দ্রের কাছে।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



