নজরবন্দি ব্যুরো: বড় রায় সুপ্রিম কোর্টের! বিবাহ বিচ্ছেদের জন্য ছয় মাস অপেক্ষা করতে হবে না। দুপক্ষের সম্মতি থাকলে বাধ্যতামূলক ছয় মাসের অপেক্ষা ছাড়াই বিবাহবিচ্ছেদের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করা যাবে। এই বিষয়ে আরও কি জানাল সুপ্রিম কোর্ট?
আরও পড়ুন: Apps Ban: বড় পদক্ষেপ কেন্দ্রের, নিষিদ্ধ হল ১৪ টি মোবাইল মেসেজিং অ্যাপ, হঠাৎ কেন এমন সিদ্ধান্ত?

হিন্দু বিবাহ আইনের ১৩ বি ধারা অনুসারে দুপক্ষের সম্মতিতে বিবাহ বিচ্ছেদের জন্য বাধ্যতামূলক সময়সীমা মকুব করার আবেদন নিয়ে একটি মামলা প্রায় সাত বছর আগে শীর্ষ আদালতের পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে পাঠানো হয়। সেই মামলায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ‘যে ক্ষেত্রে বিচ্ছেদ কোনওভাবেই আটকানো যাবে না, সেখানে ছয় মাস বাধ্যতামূলকভাবে অপেক্ষা অর্থহীন। তাই সম্পর্কের অবস্থা বিচার করে দু পক্ষের সম্মতিতে ছয় মাস অপেক্ষা না করেই সম্পর্ক ভেঙে দেওয়া যেতে পারে।”

বিবাহ বিচ্ছেদ আইন অনুযায়ী কোনও দম্পতি বৈবাহিক সম্পর্ক ভাঙতে চাইলে আর্জি জানানোর পর ছয় মাস অপেক্ষা করতে হয়। কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না, এএস ওকা, কিষান কৌল, জে কে মহেশ্বরী এবং বিক্রম নাথের সাংবিধানিক বেঞ্চের কথায়, স্বামী-স্ত্রীর পারস্পরিক সম্মতি থাকলে ক্ষেত্র বিশেষে সংবিধানের ১৪২ নং ধারা প্রয়োগ করে তা বাতিল করা যেতে পারে।
ছয় মাস অপেক্ষা না করেই নেওয়া যাবে ডিভোর্স, কি সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টের এই রায়কে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তাদের মতে, আদালতে বিচ্ছেদের বহু মামলা পড়ে থাকে শুনানির অপেক্ষায়। শীর্ষ আদালতের এই সিদ্ধান্তের ফলে বিচ্ছেদ ত্বরান্বিত হবে এবং বিবাহ বিচ্ছেদের মামলার দ্রুত সমাধান হবে বলেই মনে করা হচ্ছে।



