ভোটের মুখে বড় ঘোষণা! বেতন বাড়াছে প্রধান শিক্ষকদের

ভোটের আগে উচ্চ মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষকদের জন্য অতিরিক্ত ৩ শতাংশ বেতন বৃদ্ধির উদ্যোগ। জেলা স্তরের আধিকারিকদের কাছে তালিকা চেয়ে পাঠাল শিক্ষা দফতর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের আগেই শিক্ষক মহলে স্বস্তির খবর। রাজ্যের উচ্চ মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষকদের অতিরিক্ত বেতন বৃদ্ধির উদ্যোগ নিল স্কুল শিক্ষা দফতর। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, এই স্তরের প্রধান শিক্ষকদের জন্য অতিরিক্ত ৩ শতাংশ বেতন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর করার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই কতজন প্রধান শিক্ষক এই সুবিধার আওতায় পড়বেন, তার বিস্তারিত তালিকা চেয়ে পাঠানো হয়েছে জেলা স্তরের আধিকারিকদের কাছে।

সূত্রের খবর, এই সিদ্ধান্তের শিকড় গিয়েছে বহু বছর আগের বেতন কাঠামো সংক্রান্ত জটিলতায়। রোপা ১৯৯৮ বিধি অনুযায়ী বাম আমলে উচ্চ মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষকরা বছরে দু’টি করে ইনক্রিমেন্ট পেতেন। অন্যদিকে, মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের ক্ষেত্রে বছরে একটি ইনক্রিমেন্টের নিয়ম ছিল। কিন্তু ২০০৯ সালে সেই বিধিতে পরিবর্তন এনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক—দুই স্তরের প্রধান শিক্ষকদের জন্যই বছরে একটি করে ইনক্রিমেন্ট নির্ধারণ করা হয়।

তবে একই সঙ্গে উচ্চ মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষকদের জন্য মাসিক ২০০ টাকা অতিরিক্ত পারিশ্রমিকের কথা ঘোষণা করা হয়েছিল। এই সিদ্ধান্ত ঘিরেই তৈরি হয় বিতর্ক। একাধিক প্রধান শিক্ষক এই বৈষম্যের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হন। হাই কোর্টে দায়ের হওয়া ব্যক্তিগত মামলার ভিত্তিতে বেশ কয়েকজন প্রধান শিক্ষক এখনও দু’টি করে ইনক্রিমেন্ট পাচ্ছেন বলেও বিকাশ ভবন সূত্রে জানা যাচ্ছে।

এই পরিস্থিতিতে রাজ্য সরকার নতুন করে বেতন কাঠামোয় সমাধানের পথে হাঁটছে। প্রশাসনিক সূত্রে খবর, অতিরিক্ত ৩ শতাংশ বেতন বৃদ্ধির মাধ্যমে উচ্চ মাধ্যমিক স্তরের প্রধান শিক্ষকদের আর্থিক অসামঞ্জস্য অনেকটাই মেটানো সম্ভব বলে মনে করছে শিক্ষা দফতর। সেই কারণেই কতজন শিক্ষক এই বেতন বৃদ্ধির আওতায় পড়বেন, তার নির্ভুল তথ্য সংগ্রহে জোর দেওয়া হয়েছে।

ইতিমধ্যেই শিক্ষা দফতরের তরফে স্কুল জেলা পরিদর্শক এবং ইনস্পেক্টর অফ স্কুলদের কাছে বিস্তারিত তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ২০ জানুয়ারির মধ্যে এই তালিকা জমা দিতে বলা হয়েছে। এরপরই বেতন বৃদ্ধির চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত