লক্ষাধিক পরীক্ষার্থীর প্রতীক্ষার অবসান হতে চলেছে আজ। WBJEE Result 2026 প্রকাশ করতে চলেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। দুপুরে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে, আর বিকেল ৪টা থেকে অনলাইনে নিজেদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন পরীক্ষার্থীরা।
ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি এবং আর্কিটেকচার কোর্সে ভর্তির অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষার ফল ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে। চলতি বছর ২৪ মে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। মাত্র ২৬ দিনের মধ্যেই ফল প্রকাশ করছে বোর্ড, যা পরীক্ষার্থীদের জন্য বড় স্বস্তির খবর।
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফলপ্রকাশ করা হবে। এরপর বিকেল ৪টা থেকে পরীক্ষার্থীরা অনলাইনে নিজেদের ফল দেখতে পারবেন।
WBJEE Result 2026 দেখার জন্য বোর্ডের দুটি সরকারি ওয়েবসাইট চালু রাখা হয়েছে। পরীক্ষার্থীরা wbjeeb.in অথবা wbjeeb.nic.in-এ গিয়ে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন।
ফল দেখার জন্য প্রথমে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর হোমপেজে থাকা ‘Download Rank Card for WBJEE 2026’ লিঙ্কে ক্লিক করতে হবে। সেখানে অ্যাডমিট কার্ড নম্বরসহ প্রয়োজনীয় তথ্য জমা দিলেই স্ক্রিনে ফলাফল দেখা যাবে।
ফল প্রকাশের পর পরীক্ষার্থীরা নিজেদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড ও সংরক্ষণ করতে পারবেন। পরবর্তী কাউন্সেলিং ও ভর্তি প্রক্রিয়ায় এই র্যাঙ্ক কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উল্লেখ্য, এ বছর WBJEE পরীক্ষায় অংশ নিয়েছেন মোট ১ লক্ষ ২০ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থী। রাজ্যের ২৬৭টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে এই পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ১ লক্ষ ১ হাজারের কিছু বেশি।
ফল প্রকাশের পর শুরু হবে কাউন্সেলিং ও আসন বণ্টনের প্রস্তুতি। তাই পরীক্ষার্থীদের পরামর্শ, ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে পরবর্তী ভর্তি প্রক্রিয়ার জন্য প্রস্তুতি শুরু করুন।



