লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক মহলে ফের একবার ফুল বদলের হিড়িক। সূত্রের খবর, অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাপস রায়ের পর এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন বিধাননগর পুরনিগমের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত! এর আগেও একুশের বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে নাম লেখান তিনি। যদিও ভোটের পর ফিরে আসেন ঘাসফুলেই। তবে, এখনও সব্যসাচী দত্তের তরফে সরাসরি বিজেপিতে যোগদানের বিষয়ে কিছু জানা যায়নি।
আরও পড়ুন: তৃণমূলের সঙ্গে ২৪ বছরের সম্পর্কে ইতি, লোকসভার আগে বিজেপিতে যোগ তাপসের


ঠিক যে ছবি দেখা গিয়েছিল একুশের নীলবাড়ি দখলের আগে, সেই ছবিরই যেন পুনরাবৃত্তি হচ্ছে এবার দিল্লিবাড়ি দখলের লড়াইয়ের আগে। শুধু রাজনৈতিক ব্যক্তিত্বরাই নন, অরাজনৈতিক ব্যক্তিরাও ঝুঁকছেন বিজেপির দিকে। সোমবারই কলকাতা হাই কোর্টের বিচারপতি পদ থেকে আগাম ইস্তফা দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানিয়েও দিয়েছেন, তিনি ৭ মার্চ যোগ দেবেন বিজেপিতে।

এরপর মঙ্গলবার অর্থাৎ আজ, বিজেপিতে যোগ দিয়েছেন উত্তর কলকাতার বর্ষীয়ান তৃণমূল নেতা তাপস রায়। সল্টলেকের বিজেপি কার্যালয়ে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের হাত থেকে পদ্ম পতাকা তুলে নিয়েছেন তিনি। এবার সব্যসাচী দত্ত-ও সেই পথেই হাঁটতে চলেছেন বলে সূত্রের খবর।



অভিজিৎ-তাপসের পর এবার সব্যসাচী, লোকসভার আগে বিজেপিতে যোগদানের হিড়িক!
২০১৯ সালে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দেন সব্যসাচী দত্ত। বিধাননগর থেকে তাঁকে টিকিটও দেয় পদ্ম শিবির। কিন্তু সুজিত বসুর কাছে হেরে যান তিনি। মোহভঙ্গ হয়ে ফের তৃণমূলে আসেন তিনি। পুরভোটে বিধাননগর থেকে ঘাসফুল প্রতীকে জিতেও যান তিনি। যদিও বিধাননগর পুরনিগমের মেয়রের পদটি না পাওয়ায় সব্যসাচীর মনে ক্ষোভ রয়েছে বলে সূত্রের খবর। এখন, তিনি কবে বিজেপিতে যোগ দেবেন সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের।








