নজরবন্দি ব্যুরো: বিদেশযাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল নেতা তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়। রুজিরার হয়ে আবেদন জানিয়েছেন আইনজীবী কপিল সিব্বল। আগামী ১২ই জুলাই শীর্ষ আদালতে আবেদনটির শুনানির সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, গত জুন মাসে দুই সন্তানকে নিয়ে দুবাই যাওয়ার পথে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বিমানবন্দরে আটকান অভিবাসন দফতরের আধিকারিকরা। সেক্ষেত্রে অভিবাসন দফতর জানিয়েছিল, ইডির একটি মামলায় ‘লুক আউট’ নোটিস জারি হয়েছে রুজিরার নামে তাই এই মুহূর্তে বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ রয়েছে তাঁর। এরপর বিমানবন্দরেই অভিষেক-পত্নীকে হাজিরার জন্য তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সেই অনুযায়ী ইডির মুখোমুখিও হন তিনি। দিল্লি থেকে দুই আধিকারিক এসে রুজিরাকে জিজ্ঞাসাবাদ করেন।

যদিও এর আগে একবার রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় ছাড়পত্র দিয়েছিল কয়লাকান্ড তদন্তের ভারপ্রাপ্ত ইডি আধিকারিকেরা। কিন্তু তারপরেই রুজিরাকে বিমানবন্দরে আটকানোও হয়। এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নির্দেশের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে আবেদন করলেন অভিষেক-পত্নী। এবার শীর্ষ আদালত রুজিরার এই আবেদন মেনে নেয় কিনা সেটাই দেখার।
বিদেশযাত্রার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক-পত্নী




