নজরবন্দি ব্যুরো: বাংলার ছোট পর্দার এক পরিচিত মুখ রুবেল দাস। বর্তমানে নিম ফুলের মধু ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন। কিন্তু কয়েকদিনে আগেই একটি বড় দুর্ঘটনার জেরে দুপায়ে চোট পেয়েছেন। চিকিৎসকদের পরামর্শে দু’মাস বাড়িতেই থাকতে হবে তাঁকে। এদিকে নায়ককে ছাড়া ধারাবাহিক এগিয়ে নিয়ে যাওয়াও তো মুশকিল! প্রথমে শোনা গিয়েছিল রুবেলের জায়গায় অন্য কাউকে আনা হবে। এরইমাঝে খুশির খবর পেল অনুরাগীরা। শুটিং চালিয়ে যাচ্ছেন রুবেল। কিন্তু কীভাবে?
আরও পড়ুন: ‘সত্যিকারের পুরুষ হলে মণিপুর নিয়ে ছবি বানান!’ নেটিজেনদের রোষের মুখে বিবেক অগ্নিহোত্রী


জানা গিয়েছিল, শুটিং করতে গিয়েই চোট পেয়েছিলেন রুবেল। বাস থেকে লাফ দিয়ে নামার একটি দৃশ্য শুট করতে গিয়েই পায়ে চোট পান। আঘাত যে এত গুরুতর প্রথমে কেউই বুঝতে পারেনি। কিন্তু ঠিক করে দাঁড়াতে পারছিলেন না। এক্সরে রিপোর্টে ধরা পড়ে দু পায়ের গোড়ালিতে চিড় ধরেছে। তাই প্রয়োজনীয় চিকিৎসার পর বাড়িতেই রয়েছেন তিনি। কিন্তু নায়ককে ছাড়া গল্প চলবে কিকরে? এনিয়ে নানা প্রশ্ন শুরু হ। দু মাস একজন মুখ্য চরিত্রকে দেখা যাবে না? এও সম্ভব। তখন শোনা গিয়েছিল, রুবেলকে দেখা যাবে না আর, নিম ফুলের মধুতে সৃজন চরিত্রে অন্য নায়কের আগমন হবে। তবে ধারাবাহিকের একটি দৃশ্য সকলকে নিশ্চিন্ত করল।

ধারাবাহিকের ট্র্যাক পরিবর্তন করা হয়েছে। দেখানো হচ্ছে, গুণ্ডাদের হাতে মার খেয়ে পা ভেঙেছে সৃজনের। যার দায় এসে পড়েছে পর্ণা দত্তর উপর। এই দৃশ্য বাড়ি থেকেই শুটিং করছেন রুবেল। এনিয়ে অভিনেতা জানিয়েছেন, “আমাকে বাদ দেওয়া হবে কি না সেটা আমাকে জানানো হয়নি, তবে আমি জানিয়েছি আমার তরফ থেকে সবরকম সহযোগিতা করব। বাড়ি থেকে বের হতে পারব না ঠিকই, তবে ইতিমধ্যেই আমার বাড়িতে একদিন শ্যুটিং হয়েছে, আগামিতেও তেমন পরিকল্পনা রয়েছে।”



দুর্ঘটনার পর থেকেই হতাশ হয়ে পড়েছিল রুবেল অনুরাগীরা। কিন্তু এখন তাঁদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে উচ্ছ্বাস। পছন্দের অভিনেতাকে ফের দেখতে পেয়ে যারপর নাই খুশি সকলে। তাঁদের কথায়, রুবেলকে বাদ না দিয়ে এইভাবেই ধারাবাহিক এগিয়ে নিয়ে যাওয়া হোক।
নায়ক বদল নয়, পায়ের চোট নিয়েই শুটিং করছেন রুবেল, খুশি অনুরাগীরা








