বিশ্বজয়ের ‘ক্যাপ্টেন কুল’ জুটি সম্মানিত, পদ্মশ্রী পাচ্ছেন রোহিত শর্মা ও হরমনপ্রীত কৌর

রোহিত শর্মা ও হরমনপ্রীত কৌরকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হচ্ছে। বিজয় অমৃতরাজ পাচ্ছেন পদ্মভূষণ। মোট ৯ জন ক্রীড়াবিদ পদ্ম পুরস্কার পাচ্ছেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতীয় ক্রীড়াজগতের জন্য গর্বের মুহূর্ত। মাঠে নেতৃত্বের দৃপ্ততায় যেমন দেশকে এনে দিয়েছেন বিশ্বকাপ, তেমনই দেশের ক্রীড়াকে বিশ্বমঞ্চে তুলে ধরার স্বীকৃতি পেলেন এবার রাষ্ট্রীয় সম্মানে। ২০২৬ সালের পদ্ম পুরস্কারের তালিকায় জায়গা করে নিলেন দুই বিশ্বজয়ী অধিনায়ক—টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী পুরুষ দলের ক্যাপ্টেন রোহিত শর্মা এবং সদ্য মহিলাদের ৫০ ওভারের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর। দু’জনকেই দেওয়া হচ্ছে ‘পদ্মশ্রী’ সম্মান।

প্রজাতন্ত্র দিবসের আগে কেন্দ্রীয় সরকার পদ্ম পুরস্কারপ্রাপকদের তালিকা প্রকাশ করেছে। সাহিত্য, শিল্প, সমাজসেবা-সহ বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রেও দেওয়া হচ্ছে বিশেষ সম্মান। এই বছর মোট ৯ জন ক্রীড়াবিদকে পদ্ম পুরস্কার দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। যার মধ্যে রোহিত শর্মা ও হরমনপ্রীত কৌর-সহ আরও সাত জন ক্রীড়াবিদ পাচ্ছেন পদ্মশ্রী।

এই তালিকায় আরও এক উল্লেখযোগ্য নাম প্রাক্তন ভারতীয় টেনিস খেলোয়াড় বিজয় অমৃতরাজ। দীর্ঘদিন ধরে ভারতীয় টেনিসকে আন্তর্জাতিক স্তরে তুলে ধরার পাশাপাশি তাঁর অবদান ও অর্জনের স্বীকৃতি হিসেবে তাঁকে দেওয়া হচ্ছে ‘পদ্মভূষণ’।

ক্রিকেটপ্রেমীদের কাছে রোহিত শর্মা শুধুই একজন ব্যাটার নন—তিনি এক আধুনিক যুগের সফল অধিনায়কও। তাঁর নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় ভারতীয় ক্রিকেটে ফের গড়ে দিয়েছিল আত্মবিশ্বাসের ভিত। অন্যদিকে, মহিলা ক্রিকেটে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ৫০ ওভারের বিশ্বকাপ জয় নতুন ইতিহাস লিখেছে। দলের মনোবল, ট্যাকটিক্যাল সিদ্ধান্ত এবং চাপের মধ্যে নেতৃত্ব—সব মিলিয়ে তিনি ভারতীয় মহিলা ক্রিকেটের এক অনন্য মুখ।

রাষ্ট্রীয় সম্মানে এই স্বীকৃতি শুধু তাঁদের ব্যক্তিগত সাফল্য নয়, বরং ভারতীয় ক্রীড়ার সামগ্রিক উত্থানেরই প্রতিফলন বলে মনে করছেন ক্রীড়া মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন