দ্বিতীয়বার বাবা হলেন রোহিত শর্মা, স্ত্রী রীতিকা জন্ম দিলেন পুত্রসন্তান

অস্ট্রেলিয়া সফরে না গিয়ে স্ত্রীর পাশে রোহিত, পার্থ টেস্টে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা দ্বিতীয়বারের জন্য পিতৃত্বের স্বাদ পেলেন। শুক্রবার রাতে তাঁর স্ত্রী রীতিকা সাজদে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। যদিও রোহিত বা তাঁর পরিবারের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

২০১৫ সালে রোহিত এবং রীতিকার প্রথম সন্তান, কন্যাসন্তান সামাইরার জন্ম হয়। প্রায় ৯ বছর পর আবার পিতৃত্বের আনন্দে মাতলেন রোহিত। স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর আগেই গোপন রেখেছিলেন এই তারকা ক্রিকেটার। স্ত্রীর পাশে থাকার জন্যই তিনি অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট ম্যাচে খেলবেন না বলে জানিয়েছিলেন।

Shamim Ahamed Ads

২২ নভেম্বর থেকে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের আগে দলের সঙ্গে অস্ট্রেলিয়া যাননি রোহিত। ভারতীয় দল ইতিমধ্যেই সেখানে পৌঁছে অনুশীলন শুরু করেছে। তবে প্রথম টেস্টে রোহিত যোগ দেবেন কি না, তা এখনও অনিশ্চিত।

প্রাক্তন ক্রিকেটার সুনীল গাওস্করের মতে, অধিনায়কের প্রথম টেস্টে উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোহিত যদি প্রথম ম্যাচ খেলতে না চান, তবে সহকারী অধিনায়কের উপর চাপ বাড়বে বলে তিনি মন্তব্য করেছেন।

অস্ট্রেলিয়ায় না গেলেও মুম্বইয়ে রোহিত নিয়মিত অনুশীলন করছেন। ভারতীয় দল রোহিতকে প্রথম টেস্টের আগে পেলে দলের আত্মবিশ্বাস অনেকটাই বাড়বে। দ্বিতীয় সন্তানের জন্মের পর রোহিতের দলে প্রত্যাবর্তন নিয়ে এখন চোখ রাখছে সমগ্র ক্রিকেটপ্রেমী দুনিয়া।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত