ভোটের আবহে ফের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফার ভোটের পরই ২৪ এপ্রিল দক্ষিণ কলকাতায় বড় পদযাত্রার ডাক দিল তৃণমূল। মূল ইস্যু—ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ায় বিপুল সংখ্যক নাম বাদ যাওয়ার অভিযোগ।
দলীয় সূত্রে খবর, যাদবপুর-এর সুলেখা মোড় থেকে শুরু হবে মিছিল, যা গিয়ে শেষ হবে গড়িয়াহাট-এ। এই পদযাত্রায় উপস্থিত থাকার কথা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব, কলকাতার একাধিক প্রার্থী এবং দলীয় কর্মীদের।


তৃণমূলের দাবি, SIR প্রক্রিয়ায় লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। প্রায় ৯১ লক্ষ নাম বাদ যাওয়ার অভিযোগ তুলেছে দল, যার মধ্যে বহু মামলা এখনও বিচারাধীন। এই পরিস্থিতিতে ভোটাধিকার বঞ্চনার আশঙ্কা তুলে প্রতিবাদে নামছে শাসক শিবির।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই পদযাত্রা শুধু প্রতিবাদ নয়, বরং দ্বিতীয় দফার ভোটের আগে বড় জনসংযোগ কর্মসূচিও। উল্লেখ্য, ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোট নির্ধারিত রয়েছে।
এর আগে পশ্চিম মেদিনীপুরের পিংলা ও জগৎবল্লভপুর-এর সভা থেকেও কেন্দ্রীয় সংস্থা ও বিজেপিকে তোপ দেগেছেন মমতা। আইপ্যাক কর্তা গ্রেপ্তারি, বুথ এজেন্টদের সম্ভাব্য গ্রেফতার—এই সব ইস্যুতে সরব হয়েছেন তিনি।


রাজনৈতিক মহলের মতে, এই সমস্ত ইস্যুকে সামনে রেখেই রাজপথে নেমে বার্তা দিতে চাইছে তৃণমূল—ভোটের আগে লড়াই আরও তীব্র হবে, এবং তার কেন্দ্রবিন্দুতে থাকছে ভোটার তালিকা ও গণতান্ত্রিক অধিকার প্রশ্ন।









