‘এক জন ধরলে হাজার জন উঠবে’, ইডি গ্রেপ্তারের পর তোপ মমতার

জগৎবল্লভপুরের সভা থেকে তৃণমূল কর্মীদের গ্রেফতারের অভিযোগ মমতার। আইপ্যাক কর্তার গ্রেপ্তারের পর রাজনৈতিক উত্তাপ আরও বাড়ল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের মুখে কেন্দ্রীয় সংস্থার তৎপরতা ঘিরে উত্তপ্ত রাজনীতি। আইপ্যাক কর্তার গ্রেপ্তারের পরদিনই কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করেই তাঁর হুঁশিয়ারি—“এক জনকে গ্রেফতার করবেন, হাজার জন বেরোবে।”

হাওড়ার জগৎবল্লভপুর-এর সভা থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, তৃণমূল কর্মী ও বুথ এজেন্টদের পরিকল্পিতভাবে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হচ্ছে। তাঁর দাবি, মধ্যরাতে Enforcement Directorate (ইডি) এবং Central Bureau of Investigation (সিবিআই)-এর তল্লাশি চালিয়ে ভয় দেখানোর চেষ্টা চলছে।

Shamim Ahamed Ads

মমতার কথায়, “তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা ভোটকেন্দ্রে বসতে না পারে।” এই পরিস্থিতির মোকাবিলায় দলীয় কর্মীদের ‘প্যারালাল মেশিনারি’ তৈরি রাখার পরামর্শ দেন তিনি। তাঁর বার্তা—“এক জনকে ধরলে আর এক জন প্রস্তুত থাকবে, মা-বোনেরাও এজেন্ট হিসেবে এগিয়ে আসবেন।”

যদিও তিনি কোনও নির্দিষ্ট ঘটনার নাম উল্লেখ করেননি, রাজনৈতিক মহলের মতে তাঁর এই মন্তব্য সরাসরি যুক্ত সাম্প্রতিক ঘটনাপ্রবাহের সঙ্গে। বিশেষ করে আইপ্যাক কর্তা ভিনেশ চান্ডেল-এর গ্রেপ্তারি এবং পরবর্তীতে তাঁর সহযোগীদের তলব ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তারই প্রতিক্রিয়া হিসেবে এই বক্তব্য।

প্রসঙ্গত, কয়লা কেলেঙ্কারি সংক্রান্ত তদন্তে চান্ডেলকে গ্রেপ্তার করে ইডি এবং আদালতের নির্দেশে তাঁকে ১০ দিনের হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

এর আগেও পূর্ব বর্ধমানের সভা থেকে সম্ভাব্য গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি ছিল, “মধ্যরাত থেকে অপারেশন শুরু হতে পারে”—আর তার পরদিনই ইডির পদক্ষেপ সামনে আসায় নতুন করে জল্পনা তৈরি হয়েছে।

সব মিলিয়ে, ভোটের আগে কেন্দ্রীয় সংস্থা বনাম রাজ্য সরকারের সংঘাত যে আরও তীব্র হচ্ছে, তা স্পষ্ট এই ঘটনাপ্রবাহে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত