আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল রাজ্য। সেই আবহেই শান্তিপূর্ণ মিছিল চলাকালীন হামলা চলল হাসপাতালে। সেই নিয়ে এবার আন্দোলনে নামছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে একটানা আন্দোলন চালাবে গেরুয়া শিবির। ঘোষণা করলেন রাজ্য বিজেপি-র সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।
বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে নামার কথা জানান সুকান্ত। তিনি জানিয়েছেন, শুক্রবার দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত রাজ্য জুড়ে অবরোধ চলবে। গোটা রাজ্যে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। বিকেলে মুখ্যমন্ত্রীর বাড়ি পর্যন্ত মোমবাতি মিছিল করবে বিজেপি-র মহিলা মোর্চা। ঘোষণা সুকান্ত মজুমদারের।


উল্লেখ্য, বুধবার মধ্যরাতে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে ‘মেয়েদের রাত দখল’ শীর্ষক কর্মসূচি চলছিল। সেই সময়েই আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের গেট ভেঙে ভিতরে ঢুকে তাণ্ডব চালান একদল ব্যক্তি। তছনছ করা হয় হাসপাতালের জরুরি বিভাগের টিকিট কাউন্টার, এইচসিসিইউ (হাইব্রিড ক্রিটিক্যাল কেয়ার ইউনিট), সিসিইউ (ক্রিটিক্যাল কেয়ার ইউনিট), ওষুধের স্টোররুমও।
হামলা চালানো হয় হাসপাতালের বাইরের চত্বরেও। ভাঙচুর করা হয় আরজি করের পুলিশ ফাঁড়ি, এমনকি চিকিৎসককে ধর্ষণ ও খুনে দোষীদের শাস্তির দাবিতে আন্দোলনকারী পড়ুয়াদের মঞ্চও! পাশাপাশি পুলিশের গাড়ি ভাঙচুর এবং পুলিশকর্মীদের উপর হামলাও চালানো হয়। কিন্তু যাঁরা হামলা চালালেন, তাঁরা কারা? বৃহস্পতিবার দুপুর পর্যন্ত তা স্পষ্ট নয়।







