লোকসভা ভোটের আগে দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করে চমকে দিয়েছিল কেন্দ্র। এবার ভোটের মাঝেই নাগরিকত্ব পেলেন ১৪ জন। ভোট চলাকালীনই CAA-এর আওতায় নাগরিকত্ব দেওয়া হল তাঁদের। একটি বিবৃতি জারি করে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ২০২৪ সালে কার্যকর হওয়ার পর প্রথম ধাপে একদলকে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হল।
আরও পড়ুনঃ বিশ্বকাপে এবার দারুণ খেলবে রোহিত, জানিয়ে দিলেন সৌরভ



বুধবার ১৪ জনের হাতে নাগরিকত্বের নথি তুলে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, এই ১৪ জনই CAA’র জন্য যে বিশেষ পোর্টাল চালু করা হয়েছিল, সেই পোর্টালের মাধ্যমে আবেদন করেন। নথি যাচাইয়ের পর তাঁদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।



স্বরাষ্ট্রসচিব ভাল্লা তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা অ-মুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতেই আনা হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন (CAA)।
ভোটের মাঝেই CAA-র সুফল, নাগরিকত্ব পেলেন ১৪ জন।

২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হলেও বিধি নিয়ে জট থাকায় তা এতদিন বলবৎ করা যায়নি। গত ১১ মার্চ গেজেট নোটিফিকেশন দিয়ে CAA কার্যকর করার কথা ঘোষণা করে কেন্দ্র।







