নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করেছে ইডি। দীর্ঘদিন ধরেই অসুস্থতার কারণে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন। এদিকে তাঁর কণ্ঠস্বর পরীক্ষা করতে না পারায় দুর্নীতির তদন্তে প্রভাব পড়ছে বলেও বিষয়টি আদালতের নজরে এনেছিল ইডি। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদন মেনে বড় নির্দেশ দিল আদালত।
আরও পড়ুন: ভোরের আকাশ কুয়াশাচ্ছন্ন, শীতের পথে বাধা হয়ে দাঁড়াবে ঘূর্ণাবর্ত!


জানা গিয়েছে, সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর পরীক্ষা করা যায় কিনা তা জানার জন্য ইএসআই হাসপাতালে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে আদালত। সূত্রে খবর, ইডির তদন্তকারী অফিসারের নেতৃত্বে এই বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করা হবে। তিনজন বিশেষজ্ঞ চিকিৎসককে টিমে রাখা হবে। শুক্রবারই এনিয়ে আবেদন জানানো হলে ব্যাঙ্কশাল আদালতের বিচারক তা মঞ্জুর করেন। এরপরই তৎপর হয়ে ওঠেন তদন্তকারীরা। জানা গিয়েছে, তদন্তকারীদের একটি দল এ বিষয়ে কথা বলতে কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে থাকা ইএসআই হাসপাতালে গিয়েছেন বলেও জানা গিয়েছে।

চলতি মাসের শুরুতেই কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করা যেতে পারে কবে, তা জানতে চেয়ে এসএসকেএমের চিকিৎসকদের কাছে চিঠি দিয়েছিল ইডি। তার আগেও বারংবার কাকুর গলার স্বরের নমুনা পরীক্ষার জন্য হাসপাতালে গিয়ে ফিরে আসতে হয়েছে গোয়েন্দাদের। অথচ তদন্তের স্বার্থে কাকুর গলার স্বরের পরীক্ষা করা শীঘ্রই প্রয়োজন। আদালতের তরফে কাকুর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য অনুমতি দেওয়া হয়। কিন্তু বলা হয়েছিল, কাকুর শারীরিক অবস্থা বিবেচনা করেই ইডি অফিসারদের যা করার তা করতে হবে। এবার মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ পাওয়ার পরই তৎপরতা বেড়েছে ইডির।



গত ৩০ মে সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে নিয়োগ দুর্নীতি মামলার অভিযুক্ত হিসেবে গ্রেফতার করা হয়। গ্রেফতারির পর থেকে ১২ বার হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। গত আগস্ট মাসে তাঁর বাইপাস সার্জারি হয়েছে। এরপরই ফের অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করা হলে এখনও সেখানেই চিকিৎসাধীন রয়েছেন কালীঘাটের কাকু।
ED-র আবেদন মেনে কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করতে বড় নির্দেশ আদালতের








