রি-পোলিং হবে শীতলকুচিতে, ১২৬ নম্বর বুথ নিয়ে সিদ্ধান্ত জানালো কমিশন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রি-পোলিং হবে শীতলকুচিতে, প্রিসাইডিং অফিসারের ডায়েরির ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। প্রিসাইডিং অফিসার জানিয়েছেন চতুর্থ দফার ভোটের দিন সুষ্ঠ নির্বাচন হয়নি ১২৬ নং বুথে। সেই দিক থেকেই কমিশন সিদ্ধান্ত নিয়েছে রি-পোলিং তথা পুনর্নির্বাচনের। সূত্রের খবর আগামী ১৭ তারিখ অর্থাৎ পঞ্চম দফা নির্বাচনের দিনই পুনরায় ভোট হতে পারে ওই বুথে।

আরও পড়ুনঃ অপেক্ষা ৭২ ঘন্টা পেরনোর, বুধবারই মাথাভাঙা যাচ্ছেন মমতা

ভোট চতুর্থীতে রক্তগঙ্গা বয়েছে শীতলকুচিতে। দিনের প্রথম ভাগেই কেন্দ্রীয় বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ৫ জন, এখনো হাসপাতলে আছেন আহতরা। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তোলপাড় হয়েছে রীতিমত। তৃণমূল বিজেপি উভয় দলই দাবী করেছে বিপরীত দলের পরিকল্পনায় ঘটেছে এই ঘটনা। জওয়ানরা যুক্তি দিচ্ছেন, আত্মরক্ষার জন্যই গুলি চালিয়েছেন তাঁরা। মুখ্যমন্ত্রী পাল্টা প্রশ্ন তুলেছিলেন গুলি বুক লক্ষ্য করে কেনো, পরিস্থিতি সামালে পা লক্ষ্য করে কেনো চলেনি? ঘটনাকে কেন্দ্র করে বিতর্কিত মন্তব্য করে কমিশনের তোপের মুখে পড়েছেন বিজেপির একাধিক নেতা মন্ত্রী।

ঘটনার পরেই উত্তরবঙ্গে উড়ে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু কমিশনের নির্দেশে যেতে দেওয়া হয়নি তাঁকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৭২ ঘন্টা কোচবিহারে প্রবেশে বাধা ছিলো রাজনৈতিক নেতা মন্ত্রীদের। সেই মতো আগামী কাল চতুর্থ দিনে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। মাথাভাঙ্গায় গিয়ে দেখা করবেন আহতদের সঙ্গে।

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে পুনর্নির্বাচন হবে শীতলকুচির ওই বুথে। এই বিষয়ে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বুথের প্রিসাইডিং অফিসারের ডায়েরিকে। সূত্রের খবর রিপোর্টে তিনি জানিয়েছেন ওইদিন সম্পুর্ন সুষ্ঠ ভাবে ভোট হয়নি ১২৬ নং বুথে। আগামী ১৭ তারিখ অর্থাৎ পঞ্চমদফা ভোটের দিনই রি-পোলিং হতে পারে ওই বুথে।

রি-পোলিং হবে শীতলকুচিতে, অন্যদিকে, শান্তিপূর্ণ ভোটের তাগিদে আরও একবার নড়েচড়ে বসেছে কমিশন। দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী নিয়োগ ছাড়াও জানানো হয়েছে এবার থেকে মুখ্যমন্ত্রী সহ শাসক-বিরোধী সকল দলের নেতা মন্ত্রীদের বক্তব্যের উপর নজর রাখবে কমিশন। উল্লেখ্য ভোট আবগে বিতর্কিত মন্তব্যের জন্য ২৪ ঘন্টা ব্যান করেছে মুখ্যমন্ত্রীকে, ৪৮ ঘন্টা প্রচারে বাধা পেয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। অন্যদিকে নোটিস পাঠানো হয়েছে দিলীপ ঘোষকে, সতর্ক বার্তা এসেছে শুভেন্দুর কাছেও।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত